থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন

১১ জুন ২০২৬, ১১:০০ AM
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে গ্যাস বোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। 

বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। অন্যজনের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হন। পরে আকস্মিক ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শামীম ভূঁইয়া নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলের পাশেই আমার রেস্টুরেন্ট। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়েছে। চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন, আর কয়েকজন মানুষ দাঁড়িয়ে দেখছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো জটলার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে, বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পিবিআই তাদের পরিচয় শনাক্তে কাজ করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
  • ০৭ জুলাই ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো: এক অপূর্ণ স্বপ্নের মহাকাব্যিক বিদায়
  • ০৭ জুলাই ২০২৬
শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়: সংখ্যায় সংখ্যায় পর্তুগিজ …
  • ০৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence