জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের

১২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ PM
জেলে জসিম

জেলে জসিম © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে পরিবারের ভরণপোষণের তাগিদে প্রতিদিনের মতো তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে আর জীবিত ফেরা হলো না জেলে জসিমের। নিখোঁজ হওয়ার দুই দিন পর নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালিয়ে উপজেলার কচুয়ার চরের কাছে তেঁতুলিয়া নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত জসিম উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রয়াত জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জসিম একাই মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান। প্রতিদিনের মতো ভোরে বাড়ি ফেরার কথা থাকলেও সকাল গড়িয়ে দুপুর, এরপর রাত পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ বাড়তে থাকে।

একপর্যায়ে স্বজনরা নদীতে গিয়ে তার ট্রলারের সন্ধান পেলেও জসিমকে খুঁজে পাননি। পরে আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় স্থানীয়দের সহায়তায় তল্লাশি অব্যাহত রাখা হয়। অবশেষে দুই দিন পর নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, জসিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে নদীতে গেলেও এবার আর ফেরা হলো না তার। হঠাৎ এই মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিহতের স্ত্রী রুমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সেদিন রাতে তিনি স্বাভাবিকভাবেই ঘর থেকে বের হয়েছিলেন। কে জানত, এটাই তার শেষ যাওয়া হবে! স্বামীর মৃত্যুর পর এখন তাদের সংসার চালানোই সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে জসিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রতিবেশীরাও শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নিহত জসিমের নাম নিবন্ধিত জেলে তালিকায় থাকলে তার পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬