১০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের জালে সুন্দরগঞ্জের সাবেক মেয়র আব্দুল্লাহ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ PM
সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন

সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন। ভুয়া প্রকল্প দেখিয়ে কাল্পনিক বিল-ভাউচার তৈরির মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, সচিব এস এম মাজহারুল আনোয়ার এবং হিসাবরক্ষক আশরাফুল মওলার বিরুদ্ধে রাজস্ব ও উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। নথিপত্র পর্যালোচনা শেষে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা এবং সমন্বিত জেলা কার্যালয়, রংপুর-এর স্মারক ও ইআর নম্বরভুক্ত তথ্যের ভিত্তিতে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসীকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট নথি, বিল-ভাউচার ও ব্যাংক লেনদেনের তথ্য পর্যালোচনা শুরু করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুনের শাসনামলে একাধিক ভুয়া প্রকল্প (পিআইসি) তৈরি করে পৌর তহবিল থেকে অর্থ উত্তোলন করা হয়। এসব প্রকল্পের নামে কোনো উন্নয়ন কাজ না হলেও বিল-ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ করা অর্থ ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করার একটি চক্র সক্রিয় ছিল। সাবেক মেয়র নিজেই এই চক্রের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সুন্দরগঞ্জ পৌরসভার একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রকল্পের কাজ না করেও বিল দেওয়া হতো। মেয়র সাহেব নিজেই ঠিকাদারদের সঙ্গে বসিয়ে দিতেন কীভাবে বিল পাস করাতে হবে। যারা কথা বলতেন, তাদের কাজ বন্ধ করে দেওয়া হতো।’

অনুসন্ধানের অংশ হিসেবে সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরদের বক্তব্য প্রদানের জন্য তলব করা হয়েছে। আগামী ১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্রের কপিসহ লিখিত ও মৌখিক বক্তব্য দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছামিউল ইসলাম বলেন, ‘দুদক থেকে আমাদের কাছে নোটিশ এসেছে। সাবেক মেয়র ও দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আমরা নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে বক্তব্য তুলে ধরব। এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি।’

সাবেক মেয়রের বিরুদ্ধে এত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় সুন্দরগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্থানীয় সরকার পর্যায়ে দুর্নীতির এই চিত্রে হতাশা প্রকাশ করেছেন।

সুন্দরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘আমরা ভেবেছিলাম মেয়র সাহেব এলাকার উন্নয়ন করছেন। এখন জানতে পারছি, কাল্পনিক প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। সীমাহীন এই দুর্নীতির বিচার হওয়া উচিত।’

অপর বাসিন্দা মোছা. শাহিনুর বেগম বলেন, ‘আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। অথচ মেয়র সাহেব কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা চাই দুদকের তদন্তে তার প্রকৃত চেহারা বেরিয়ে আসুক।’

সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা জানান, পৌরসভায় দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। বিভিন্ন প্রকল্পের নামে টাকা আত্মসাতের বিষয়ে বারবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের তৎপরতা ছিল না। এখন দুদকের তদন্ত শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই আত্মসাতে জড়িত আরও কেউ থাকলে তাদেরও তদন্তের আওতায় আনা হবে।

দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব নথি যাচাই-বাছাই করছি। সাবেক কাউন্সিলরদের বক্তব্য গ্রহণের পর প্রকৃত সত্য উদঘাটনে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করব। অর্থ আত্মসাতের পরিমাণ আরও বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ প্রমাণিত হলে তাকে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081