সাগরে ইলিশ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ PM
মো. আরিফের স্বজনদের আহাজারি

মো. আরিফের স্বজনদের আহাজারি © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ সবার বড়। তিন বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার ঘরে দুই বছরের এক ছেলেসন্তান রয়েছে। পরিবার নিয়ে জুঁইদণ্ডী এলাকায় বসবাস করতেন আরিফ। দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় উঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা উদ্ধার চেষ্টা চালালেও পানির স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে অবহিত করে।

স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ বলেন, ‘বেলা দুইটার দিকে তারা সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ওঠার সময় আরিফ হঠাৎ পড়ে যান। আমরা নৌকা দিয়ে ও বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু পানির স্রোত এত তীব্র ছিল যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।’

নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী মাছ ধরেই সংসার চালাত। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব?’

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।’

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬