ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন © টিডিসি ফটো
একই পুকুরে মাছের পাশাপাশি ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন গোপালগঞ্জে পরীক্ষামূলক এ উদ্যোগে মিলেছে সাফল্য। এতে প্রচলিত মাছ চাষের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ। তবে সরকারি সহায়তার ধারাবাহিকতা ও বাজারব্যবস্থার সীমাবদ্ধতায় সম্ভাবনাময় এ খাত এখনো কাঙ্ক্ষিতভাবে বিস্তৃত হতে পারেনি।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় কোটালীপাড়া উপজেলার ছয়টি পুকুরে পরীক্ষামূলকভাবে মুক্তা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়। এসব পুকুরে ৭ হাজার ৮০০ টি ঝিনুকে ইমেজ প্রতিস্থাপনের মাধ্যমে চাষ শুরু করা হয়। পরীক্ষার পর ওই ঝিনুকগুলো থেকে প্রায় ১৭ হাজার ৪০০টি ইমেজ মুক্তা সংগ্রহ করা হয়েছে।
মৎস্য বিভাগের উদ্যোগে জেলার পাঁচ উপজেলা থেকে পাঁচজন করে মোট ২৫ জন উদ্যোক্তাকে নিয়ে গ্রুপ গঠন করা হয়। তাদের মুক্তা চাষের ওপর প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হওয়ায় বর্তমানে কোটালীপাড়ার মাত্র দুটি পুকুরে এ চাষ চালু রয়েছে। সরকারি সহায়তা অব্যাহত না থাকায় অনেক উদ্যোক্তা আগ্রহ হারাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মৎস্য বিভাগ বলছে, ইমেজ মুক্তা তুলনামূলক কম সময়ে মাছের সঙ্গে একই পুকুরে উৎপাদন করা যায়। গোলাকার মুক্তা উৎপাদনে বেশি সময় প্রয়োজন হলেও ইমেজ মুক্তার ক্ষেত্রে একই জলাশয় থেকে মাছ ও মুক্তা দুই ধরনের উৎপাদন সম্ভব। ফলে মাছ চাষের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।
আরও দেখুন: পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: শিশু শান্তি পুরস্কারে মনোনীত শায়রি
জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের পাঁচ উপজেলায় মোট ১৯ হাজার ৪৮২টি পুকুর রয়েছে। এসব জলাশয়ে মুক্তা চাষের সুযোগ কাজে লাগাতে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। তবে এ খাতের অন্যতম বড় সমস্যা বাজারব্যবস্থা। বর্তমানে দেশের হাতে গোনা কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মুক্তা কিনছে। ফলে উৎপাদনের পর সহজে বিক্রির নিশ্চয়তা না থাকায় অনেক উদ্যোক্তা ঝুঁকি নিতে চাইছেন না।’
সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদনের পাশাপাশি মুক্তার জন্য স্থায়ী বাজার ও কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলা গেলে গোপালগঞ্জে এ খাতের পরিধি আরও বাড়তে পারে। ভবিষ্যতে মানসম্মত মুক্তা উৎপাদন ও রপ্তানির সুযোগ তৈরি হলে স্থানীয় অর্থনীতিতে এটি নতুন একটি সম্ভাবনাময় খাত হিসেবে ভূমিকা রাখতে পারে।