অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
দেশের বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে’ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি থেকে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা অ্যাভিয়েশন ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবেন।
আগামী ৫ ডিসেম্বর ঢাকার বিএএফ শাহীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ বিষয়ে স্নাতকে ভর্তি
বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।
ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
ভর্তির যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়েছেন এবং ২০২৫ বা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০-সহ উত্তীর্ণ হতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
তাছাড়া ২০২২ বা ২০২৩ সালে GCE-O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজিসহ) ন্যূনতম B গ্রেড অথবা সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে GCE-A লেভেল পরীক্ষার অন্ততপক্ষে ৩ টি বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত) ন্যূনতম B গ্রেড অথবা সমমান প্রাপ্ত হয়েছেন, তারা আবেদন করতে পাররেন।
বাছাই করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
আবেদনকারী ছাত্র/ছাত্রীদের মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের মধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর এর ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসাবে বিবেচিত হবে। এই তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর সমান হলে প্রথমে শুধু গণিতে প্রাপ্ত নম্বর এবং পরবর্তীতে যথাক্রমে পদার্থ বিজ্ঞানে ও রসায়নে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aaub.edu.bd/) আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠ্যসূচি
জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয় নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস
স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিতে ৪০, পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ২০ এবং ইংরেজিতে ১০ নম্বর থাকবে। দুই ঘণ্টায় নৈর্ব্যক্তিক ৬০ নম্বরের ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষাটিও ১০০ নম্বরের হবে, যার মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এর জন্যও সময় ২ ঘণ্টা।