মেডিকেল ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমল

২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ-৮.৫ পেতে হবে।

রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৭টায় শেষ হয়। তবে পুরো সভায় স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত না থাকায় সভার রেজ্যুলেশন চূড়ান্ত করা যায়নি। আগামীকাল সোমবার অথবা আগামী বুধবার বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ-৮.৫ লাগবে। তবে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে একজন শিক্ষার্থীকে জিপিএ-৪ করে পেতে হবে। এছাড়া জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ পেতে হবে।

তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। এজন্য গত শিক্ষাবর্ষে মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে এমসিকিউতে ১০০ এবং জিপিএর ওপর ছিল ৫০ নম্বর। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিপিএ নম্বর পূর্বের ন্যায় ১০০ করা হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, এবার একজন শিক্ষার্থী এসএসসিতে যে জিপিএ পেয়েছেন সেটিকে ৮ দিয়ে গুণ করা হবে। আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএকে ১২ দিয়ে গুণ করা হবে। গত শিক্ষাবর্ষে এসএসসির জিপিএ ৪ গুণ এবং এইচএসসির জিপিএ ৬ দিয়ে গুণ করে নম্বর দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে। একটি হলো শুধু মেডিকেল। আরেকটি অপশন থাকবে মেডিকেল+ডেন্টাল। আর শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল। যে যেটাতে ভর্তি হতে চায়, সে সেভাবে আবেদন করবে। এটা অনেকটা বিসিএসে আবেদনের মতো। বিসিএসে কেউ চাইলে বোথ ক্যাডার দিতে পারেন। আবার শুধু শিক্ষা ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডার দেওয়ার অপশনও রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয়, তাহলে তার সামনে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে। কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। আর কেউ যদি মেডিকেল+ডেন্টাল অপশন ক্লিক করে তাহলে তার সামনে মোট ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দেবেন।

 তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানো হয়েছে। অর্থাৎ সরকারি-বেসরকারি মিলিয়ে ৮১৬টি আসন কমেছে। এই সংখ্যা আরও কমতে কিংবা বাড়তে পারে।

৬ দফা দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্…
  • ০৮ জুন ২০২৬
সরকারকে ১ লাখ ডেঙ্গুর আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প মালিক সম…
  • ০৮ জুন ২০২৬
এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা, যা বললেন শিক্ষামন্…
  • ০৮ জুন ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৮ জুন ২০২৬
যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল ৪ জনের
  • ০৮ জুন ২০২৬
চারটি নতুন পাঠ্যবই আসছে : মাহদী আমিন
  • ০৮ জুন ২০২৬