ইউজিসির সভা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা © ফাইল ফটো
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় প্রশ্নপদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। এ সময় সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সংবাদ সম্মেলনে বলেন, সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছরের ন্যায় চলতি বছরেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, বরং বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ বিবেচনায় আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে ইউজিসির পক্ষ থেকে। ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
উল্লেখ্য, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববদ্যিালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে। এ বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।
বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।
আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।