ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের ঈদ পুনর্মিলনী ও মাসিক আলোচনা সভা © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের ঈদ পুনর্মিলনী ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মাঠে বুধবার বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নাজমুন আরা শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার রাজস্ব কর্মকর্তা মাজেদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জুনিয়ার অফিসার আল শাহরিয়ার রোকন ও সংগঠনটির উপদেষ্টা ফয়সাল আহম্মদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল হক বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের সদস্যদের লিখনীর মাধ্যমে সমাজের অসংগতিগুলো ফুটে উঠবে। তিনি সদস্যদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি সমাজ, রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার আহ্বান জানান ও ভবিষ্যতে সংগঠনটির যেকোন কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আল শাহরিয়ার রোকন তার বক্তব্যে লেখালেখির জগতে তরুণদের এ পদচারণাকে স্বাগত জানান। তিনি তরুণ কলাম লেখকদের লেখনীর কারণে যেন একাডেমিক পড়ালেখার ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক করেন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত করি লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে এ বছরের শুরুতে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধ শত তরুণ কলাম লেখক সংগঠনটির সাথে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সদস্যদের প্রায় ১৫০টি কলাম দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।