এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা

০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ AM
মিনহাজুল ইসলাম রোজান

মিনহাজুল ইসলাম রোজান © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মিনহাজুল ইসলাম রোজান। তবে পরীক্ষার ফল প্রকাশের দিনটি আর দেখে যেতে পারেননি তিনি। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই শিক্ষার্থী। গতকাল শনিবার ছেলের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ।

প্রকাশিত ফল অনুযায়ী, জীববিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছেন রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় এ বিষয়ে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে।

রোজান ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিলেন। গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের ফল প্রকাশের দিনে স্মৃতিকাতর হয়ে বাবা সাজ্জাদুল মিরাজ বলেন, ‘ছেলের ফলাফল বের হয়েছে। আজ ওর কথা খুব মনে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে ও দুটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা দিতে পারলে ওর ফলাফল আরও ভালো হতো।’

স্কুলের এক শিক্ষক রোজানের ফলাফলের কপি তার বাবার কাছে পাঠান। ফল দেখে কান্নায় ভেঙে পড়েন সাজ্জাদুল মিরাজ। তিনি জানান, চতুর্থ বিষয় বাদ দিয়ে রোজানের জিপিএ ৪ দশমিক ৩৩ হয়েছে। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে এ বিষয়ে এ প্লাস পেলে তার চূড়ান্ত জিপিএ হতো ৪ দশমিক ৮৩।

ছেলের অসুস্থতা ও মৃত্যুর আগের ঘটনাগুলো নিয়েও আক্ষেপ রয়েছে পরিবারের। তার মা ফাহমিদা আক্তার জানান, পরীক্ষার চাপের পাশাপাশি রোজানের ডায়াবেটিস ছিল, যা তারা আগে জানতেন না।

এর আগে, গত ৬ আগস্ট অসুস্থ হওয়ার পর রোজানকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের কেউ পরীক্ষার দুশ্চিন্তা থেকে অসুস্থ হওয়ার কথা বলেন, কেউ প্যানিক অ্যাটাকের কথা জানান। আবার কেউ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন। পরিবারের অভিযোগ, তখন ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা না করেই স্যালাইন ও ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছিল।

পরে ১৩ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোজানের রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে ৩৮ মিলিমোল/লিটারে পৌঁছায়। সেদিনই প্রথম ছেলের ডায়াবেটিসের বিষয়টি জানতে পারেন তার মা-বাবা।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬