বাবা বলতেন রেজাল্ট ভালো হবেই, আজ গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন্তু মানুষটি ১৩ দিন আগে চলে গেছেন

৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী বর্ণালী বিশ্বাস

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী বর্ণালী বিশ্বাস © টিডিসি ফটো

মাত্র ১৩ দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন ‍আইনজীবী বাবা। জীবনের সবচেয়ে বড় সমর্থন ও অনুপ্রেরণার মানুষটিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বর্ণালী বিশ্বাস। 

এরই মধ্যে শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। ফলাফলে গোল্ডেন জিপিএ অর্জন করেছে সে। কিন্তু জীবনের কাঙ্ক্ষিত এই সাফল্যের দিনেও তার মুখে হাসি নেই। আনন্দের মুহূর্তটি বাবার সঙ্গে ভাগ করে নিতে না পারার বেদনায় বারবার অশ্রুসিক্ত হচ্ছে তার চোখ।

বর্ণালী বলেন, ‘আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন বাবা। তিনি সবসময় বলতেন, আমার রেজাল্ট ভালো হবেই। অসুস্থ শরীর নিয়েও বাবা আমাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে গিয়েছিলেন। আজ আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল এসেছে, কিন্তু বাবা আর পাশে নেই। ফলাফল প্রকাশের পর বারবার বাবার কথা মনে পড়ছে। খুব ইচ্ছে করছে, আজকের এই সুখবরটা বাবাকে জানাতে, তার মুখে একটু হাসি দেখতে। কিন্তু সেই সুযোগ আর কখনো পাব না।’

তিনি আরও বলেন, ‘বাবা সবসময় আমার ভালো ফলাফলের জন্য অপেক্ষা করতেন। আজ আমি গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন্তু যাঁর জন্য এত কিছু, সেই মানুষটিই আর নেই। আমার এই অর্জন বাবা দেখে যেতে পারলেন না—এটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আজ বাবা থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন।’

এর আগে, প্রকাশিত ফলে এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭০২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে ফেল করেছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।

মানবিক বিভাগে পাস করেছেন ২৭৪ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬২ জন। ফেল করেছেন ১২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী, ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। পাসের হার ৫২.১২ শতাংশ, তাতে ২০০৪ সালের পর সর্বনিম্ন পাসের হার দেখেছেন শিক্ষার্থীরা।

এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি
  • ৩১ অক্টোবর ২০২৬
থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করতে দেশব…
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৭ নভেম্বর …
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, না ফেরার দেশে আরও দুই শিক্ষার্থী
  • ৩১ অক্টোবর ২০২৬