এইচএসসিতে এবার সবচেয়ে বেশি ফেল যে ২ বিষয়ে

৩১ অক্টোবর ২০২৬, ১২:২০ PM
এইচএসসি ও সমমান পরীক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষার্থী © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এ দুই বিষয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০০৪ সালের পর এই হার আর কখনো এত নিচে নামেনি। ওই বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। সে হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন।

শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোনো শিক্ষার্থী যত বিষয়ে ফেল করেছেন, তাকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এ হিসাবে বোর্ডগুলোতে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৭২১ জন মেয়ে এবং ২০ হাজার ৩৬৩ জন ছেলে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩৭ হাজার ৪৪ জন মেয়ে ও ৩২ হাজার ৫৩ জন ছেলে শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, যা গত বছর ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ।

সিলেট বোর্ডে এবার পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ, যা গত বছরের ৫১ দশমিক ৫৪ শতাংশের তুলনায় কম।

সমমানের দুটি বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে প্রতিটি শিক্ষা বোর্ডের জন্য আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬