এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?

৩১ অক্টোবর ২০২৬, ১০:১৩ AM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। এবারের ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, মূল্যায়নে কঠোরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার মতো বিষয়গুলো ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে, সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমতে পারে। তবে ফল প্রকাশের আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

২০২৫ সালের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছিলেন শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। করোনার পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়নের ক্ষেত্রে কঠোরতা এর অন্যতম কারণ। করোনাকাল ও পরবর্তী কয়েক বছরে সংক্ষিপ্ত সিলেবাস এবং তুলনামূলক নমনীয় মূল্যায়নের কারণে শিক্ষার্থীরা ভালো ফল করার সুযোগ পেয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরে আসায় পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে বাড়তি চাপ সামলাতে হয়েছে। সিলেবাসের পরিধি বড় হওয়ায় অনেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।

এ ছাড়া সৃজনশীল প্রশ্নে আগের প্রশ্নের পুনরাবৃত্তি না করা এবং নির্ধারিত কাঠামো অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়নের কারণে অনেক শিক্ষার্থী পূর্ণাঙ্গ ও বিশ্লেষণধর্মী উত্তর দিতে পারেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাতা মূল্যায়নের ক্ষেত্রেও আগের মতো নমনীয়তা না থাকা এবং গ্রেস নম্বর দেওয়ার সুযোগ না রাখার বিষয়টি ফলাফলে প্রভাব ফেলেছে বলে তাদের ধারণা। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারিও ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ। গত কয়েক বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য ওঠানামা রয়েছে।

২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১। ২০২৩ সালে ৯২ হাজার ৫৯৫, ২০২২ সালে ১ লাখ ৭৬ হাজার ২৮২ এবং ২০২১ সালে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এ ছাড়া ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭, ২০১৯ সালে ৪১ হাজার ৮০৭, ২০১৮ সালে ২৯ হাজার ২৬২, ২০১৭ সালে ৩৭ হাজার ৭২৬ এবং ২০১৬ সালে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। এই পরিসংখ্যান থেকে দেখা যায়, বিভিন্ন বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পার্থক্য ছিল। বিশেষ করে করোনাকালীন ও পরবর্তী সময়ে ফলাফলের ধরনে পরিবর্তন দেখা গেছে।

শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতাও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

তাদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এবারের পরীক্ষার্থীদের একটি অংশ কলেজে ভর্তি হয়। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা ছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থী নিয়মিত কলেজে যাওয়া থেকে বিরত ছিল। পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতি ও পড়াশোনার প্রতিও কারও কারও অনীহা তৈরি হয়। এসব পরিস্থিতি শিক্ষার্থীদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।

শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আগের সময়ে খাতা মূল্যায়নে নমনীয় নির্দেশনা থাকলেও পরবর্তী সময়ে তা তুলে দেওয়ায় ফলাফলে পরিবর্তন আসতে পারে। 

বাইন্যান্সের চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের মধ্যে ৩০০ কোটি সন্ধা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এক দশকে মাদ্রাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন ক…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমের ফল প্রকাশ কিছুক্ষণের মধ্যে, প্রস্তুত মন্ত্রণ…
  • ৩১ অক্টোবর ২০২৬