এইচএসসিতে ২০২৬-এর বদলে দেওয়া হলো ২০২৫-এর প্রশ্ন, অতঃপর...

১৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ PM
বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র © সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইতিহাস প্রথম পত্রের এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট পর ভুলটি ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তারা পুরোনো প্রশ্নপত্রে উত্তর লেখা শুরু করেন। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভুলটি শনাক্ত হলে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার্থীরা জানান, প্রায় পৌনে দুই ঘণ্টা পুরোনো প্রশ্নে উত্তর লেখার পর নতুন প্রশ্নে আবার পরীক্ষা দিতে হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবি, কেন্দ্র কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

পলক নামে এক শিক্ষার্থী বলেন, আজকে সকালে পরীক্ষা শুরু হয় প্রথমে আমরা বুঝতে পারিনি কিন্তু পরে পৌনে দুই ঘণ্টা যাওয়ার পরে বুঝতে পারি প্রশ্নটি ২০২৫ সালের পরে স্যারকে জানালে তারা সেটি পরিবর্তন করে দেন। 

আরেক শিক্ষার্থী হাসান বলেন, আমাদের শিক্ষকদের গাফলতির কারণে আমার বড় ক্ষতি হয়ে গেলো, তারা আমাদের ভুল প্রশ্ন দিয়েছিল। আমরা পরীক্ষা দেওয়ার পরে দেখি আমাদের প্রশ্নটি ভুল। সেটি পরিবর্তন করে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। 

পরীক্ষার্থী শুভ মিয়া বলেন, আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুইটি রুমে আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে। আমরা পরে ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা দিয়েছি।

তবে কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর দাবি করেন, সঠিক প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

ফুলেল শুভেচ্ছা নিলেন না গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যা…
  • ২০ জুলাই ২০২৬
ফুটবল বিশ্বকাপ থেকে ফিফার আয় কত, অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে
  • ২০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ২০ জুলাই ২০২৬
এসিআইতে জনবল নিয়োগ, আবেদন ২৯ জুলাই পর্যন্ত
  • ২০ জুলাই ২০২৬
একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারে না
  • ২০ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
  • ২০ জুলাই ২০২৬