ভারতের উত্তরপ্রদেশ
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার অভিযোগ © সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে মোবাইল ফোনের কিস্তি পরিশোধ করতে না পারায় এক যুবককে তুলে নিয়ে জোর করে রক্ত নেওয়ার অভিযোগ উঠেছে দোকানমালিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই যুবককে একটি ব্লাড ব্যাংকে নিয়ে শরীর থেকে এক ইউনিট রক্ত নেওয়ার পর একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও জোর করে কাজ করানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
ঘটনাটি ঘটেছে লখনউয়ের নিগোহা এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পাঁচ দিন পর একটি বাড়ি থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, প্রায় এক বছর আগে নিগোহার একটি দোকান থেকে সাড়ে ২১ হাজার টাকায় একটি মোবাইল ফোন কেনেন ওই যুবক। মাসে ২ হাজার ৭৯৯ টাকা করে ১২টি কিস্তিতে ফোনের দাম পরিশোধের কথা ছিল।
অভিযোগ, প্রথম মাসের কিস্তি বাকি পড়ার পরই দোকানের মালিক কয়েকজন লোককে যুবকের বাড়িতে পাঠান। তারা তার মোবাইল ফোনটি নিয়ে যায়। এরপর গত ৮ সেপ্টেম্বর দুজন ব্যক্তি যুবকের বাড়িতে গিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যান।
যুবকের দাবি, তাকে লখনউয়ের একটি ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে তার শরীর থেকে এক ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। পরে তাকে সদর এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হতো এবং জোর করে কাজও করানো হতো।
পরিবারের আরও অভিযোগ, যুবককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে লখনউয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ দিন পর ওই যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।