ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট © সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মার্কিন করদাতাদের স্বার্থ রক্ষা এবং অভিবাসীদের মার্কিন সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের প্রধান দায়িত্ব হলো অভিবাসীরা যাতে কোনোভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা অবৈধভাবে গ্রহণ না করেন অথবা মার্কিন অর্থনীতির ওপর অতিরিক্ত সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।’
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে মার্কিন সরকারের সামাজিক কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলকভাবে অনেক বেশি। আর এই কারণেই গত ২১ জানুয়ারি মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
মার্কিন দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশের প্রধান উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের বর্তমান যাচাই ও বাছাই নীতিমালা এবং সামগ্রিক প্রক্রিয়াগুলোর একটি পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত পর্যালোচনা করা। এর মাধ্যমে মার্কিন নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হলেও এটি অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ, বাংলাদেশ থেকে যারা পর্যটক (ট্যুরিস্ট ভিসা) হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চান কিংবা যারা উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করছেন, তাদের জন্য ভিসা প্রক্রিয়া যথারীতি স্বাভাবিক ও চালু থাকবে।র