৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকৌশলী সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ তদারকির দায়িত্বে থাকা মাঠপর্যায়ের মাত্র পাঁচজন প্রকৌশলীর একজনকে একসঙ্গে প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে। দপ্তরে অনুমোদিত ২২টি প্রকৌশলী পদের মধ্যে ১১টিই শূন্য। এর মধ্যে সিভিল প্রকৌশলীর সাতটি পদই খালি। দীর্ঘদিন নিয়োগ না হওয়া এবং একের পর এক প্রকৌশলীর অবসরে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ফলে সীমিত জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন কারিগরি সেবা চালাতে হিমশিম খাচ্ছে প্রকৌশল দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, দপ্তরে প্রকৌশলীর অনুমোদিত পদ ২২টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১১ জন। বাকি ১১টি পদ শূন্য। এর মধ্যে সিভিল প্রকৌশলীর অনুমোদিত সাতটি পদের একটিতেও কেউ কর্মরত নেই। ইলেকট্রিক্যাল প্রকৌশলীর একটি পদও শূন্য রয়েছে। এছাড়া ওয়ার্ক এক্সটেনশন শাখায় মাঠপর্যায়ে কাজ করা প্রকৌশলীদের সাতটি পদ খালি রয়েছে।

দপ্তর-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকৌশলী সংকট দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে শূন্য পদের সংখ্যা বেড়েছে। এর মধ্যে গত কয়েক বছরে কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

প্রকৌশল দপ্তরের কাজের পরিমাণের তুলনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রকৌশলীর সংখ্যা খুবই কম। মাত্র পাঁচজন প্রকৌশলীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ তদারকি করতে হচ্ছে। তাদের একজনকে একসঙ্গে প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে। এতে প্রতিটি প্রকল্প যথাযথভাবে পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

শুধু মাঠপর্যায়ের কাজ নয়, দাপ্তরিক ফাইলের চাপও সামলাতে হচ্ছে প্রকৌশলীদের। দপ্তরে ফার্নিচার-সংক্রান্ত ৮৮টি, রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত ২৪৭টি এবং ইলেকট্রিক্যাল কাজের প্রায় ১৫০টি ফাইল রয়েছে। এসব কাজের নকশা প্রণয়ন, প্রাক্কলন তৈরি, কারিগরি অনুমোদন, পরিদর্শন ও বাস্তবায়ন তদারকির দায়িত্বও প্রকৌশলীদের পালন করতে হয়।

দপ্তর-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কাজের পরিমাণ বিবেচনায় কোনো কোনো প্রকৌশলীকে একসঙ্গে প্রায় চারজনের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে বিপুলসংখ্যক সাইটের কাজ তদারকি করতে গিয়ে প্রকৌশলীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

বর্তমান সংকটের মধ্যেই নতুন করে অবসরের কারণে জনবল কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দপ্তরের আরেক প্রকৌশলী আবুল কাশেমও অবসরের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের সঙ্গে যুক্ত। তার অবসরের পর এ খাতে সংকট আরও প্রকট হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও আবাসিক ভবন, হলসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল দপ্তরের। এছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও এ দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। ফলে প্রকৌশলী সংকটের প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত কার্যক্রমে পড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘আগেও প্রকৌশলী সংকট ছিল। কিন্তু কয়েকজন অবসরে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। কাজের তুলনায় প্রকৌশলী কম থাকায় প্রত্যেকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় জনবল না বাড়ালে চলমান কাজগুলো সময়মতো তদারকি করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে একসঙ্গে অনেকগুলো সাইটের কাজ দেখতে হওয়ায় প্রকৌশলীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।’

প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রম সম্প্রসারিত হলেও সে অনুযায়ী প্রকৌশলীর পদ বাড়েনি। নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো স্থাপনার রক্ষণাবেক্ষণের কাজও বাড়ছে। অথচ পুরোনো জনবলকাঠামো অনুযায়ীও প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী নেই।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রকৌশল দপ্তরের জনবল বাড়েনি। বিশেষ করে সিভিল প্রকৌশল শাখায় প্রয়োজনীয় পাঁচজন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। সীমিত জনবল দিয়ে দপ্তরের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি ইতিমধ্যে উপাচার্যকে জানিয়ে প্রয়োজনীয় নিয়োগের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শীতকালে বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, গেট টুগেদার ও খেলাধুলাসহ নানা আয়োজন বেড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সেবা নিশ্চিত করতে বাড়তি চাপ তৈরি হয়। অথচ বিদ্যুৎ শাখায় মাত্র দুজন কর্মী দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করাতে হচ্ছে। প্রকৌশল দপ্তরে সবচেয়ে বেশি সংকট বিদ্যুৎ ও পানি শাখায়। এ দুই সেবায় বিঘ্ন ঘটলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়ে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ নিয়ে দপ্তরের কার্যক্রম চালাতে হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের জনবলসংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রমের পরিধি বাড়লেও প্রয়োজন অনুযায়ী প্রকৌশলী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950