রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
গত শিক্ষাবর্ষে এ দুই শাখার জন্য মোট জিপিএ ৭.০০ প্রয়োজন ছিল। অর্থাৎ এবার আবেদনের যোগ্যতা ০.৫০ পয়েন্ট কমানো হয়েছে। তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতায় পরিবর্তন আসেনি। এ শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। বিজ্ঞান শাখার ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। আর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সম্পূরক আবেদন নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ জন্য ফল প্রকাশের পর আরও পাঁচ থেকে সাত দিন আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে আবেদনকারীদের আগ্রহ ও প্রয়োজন বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।