রাবি সংস্কার আন্দোলনের সংবাদ সম্মেলন © সংগৃহীত
রাকসুর সাবেক জিএস ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার সমান। উপাচার্য যেন একজন অভিভাবকের তার সন্তানদের আবদার, তথা শিক্ষার্থীদের দাবি ও আবেগকে মূল্যায়ন করে দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ব্যবস্থা করে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’ - এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
আম্মার বলেন, কোনো শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি বা অনশনে গেলে প্রশাসন যেন বাধা না দিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। উপাচার্য যেন একজন অভিভাবকের মতো শিক্ষার্থীদের দাবি ও আবেগকে মূল্যায়ন করে দ্রুত রাকসু নির্বাচনের ব্যবস্থা করেন সেই আহ্বান জানাই।
সালাহউদ্দিন আম্মার আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আমরা ধাপে ধাপে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা আশা করি, ছাত্রদলসহ সব ছাত্রসংগঠন রাকসু নির্বাচন ও ছাত্র সংসদগুলো সচল রাখার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ছাত্রশিবির মানববন্ধন করেছে। আমরা প্রত্যাশা করি, ছাত্রদলও রাকসু নির্বাচনের দাবিতে তাদের অবস্থান স্পষ্ট করবে।
তিনি আরও বলেন, ক্ষমতার কাছাকাছি থেকে শুধু সমালোচনা না করে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আসেন, রাকসু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হই। রাকসু নির্বাচন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের নয়, এটি সব শিক্ষার্থীর অধিকার। গত এক বছরে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি এবং সিট বাণিজ্য হতে দিইনি। নির্বাচন নিয়ে কারও অসন্তোষ থাকলে তার সমাধান নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই হওয়া উচিত। আমরা দল-মত নির্বিশেষে রাকসু নির্বাচন চাই।
এসময় রাবি সংস্কার আন্দোলনের সদস্য সচিব আরিফ আলভিসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।