শাখা ছাত্রদলের আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদ কুবি ছাত্রশক্তির © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনের উদ্যোগে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে। এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৯ নভেম্বর) শাখার সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা নয়; বরং এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক সহাবস্থানের প্রতিষ্ঠান। কোনো ঐচ্ছিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা না হওয়া সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। এর সঙ্গে কারও পেশাগত দায়িত্ব, পদোন্নতি কিংবা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাকে যুক্ত করার অধিকার কোনো ছাত্রসংগঠনের নেই।
এতে আরও বলা হয়, পদোন্নতি, আপগ্রেডেশনসহ প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা কারও অনুগ্রহ নয় বরং সংশ্লিষ্টদের অধিকার। ছাত্ররাজনীতির শক্তি হুমকি, ভয়ভীতি কিংবা ক্ষমতার দাপটে নয়, বরং অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ এবং সবার মর্যাদা রক্ষার মধ্যেই নিহিত।
জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার সভাপতি নিলয় বড়ুয়া বলেন, ‘ছাত্রদলের মতো একটি ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য নয়। ছাত্ররাজনীতি হওয়া উচিত শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক অবস্থান থেকে আগের ধারার ক্ষমতা প্রদর্শনের রাজনীতি আমরা চাই না।’
তিনি আরও বলেন, ‘কোনো অনুষ্ঠানে উপস্থিত না হলে প্রশাসনিক কাজ কিংবা পদোন্নতির সুযোগ-সুবিধা বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। এ ধরনের বক্তব্যের মাধ্যমে মানুষকে বিব্রত করে তাদের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আমরা এ হুমকি ও অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’