বহিষ্কৃত ছাত্রশক্তি নেতা ও সংগঠনটির লোগো © টিডিসি সম্পাদিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রশক্তি নেতা রাব্বি ফেসবুকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে কমেন্ট করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাব্বি হোসেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি সংগঠনের নজরে আসার পর তা তাদের সাংগঠনিক নীতি ও আদর্শের পরিপন্থি বলে মনে হয়েছে। এ কারণে কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, রাব্বি হোসেনের ওই শুভেচ্ছা বার্তার বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।
তবে বহিষ্কৃত রাব্বি হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ কথাটি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি বলেন, তিনি শেখ হাসিনার শাসনের বিরোধী এবং কখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
রাব্বি হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।