সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM
সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন

সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন © টিডিসি ছবি

সরকারি চাকরির ১১-২০ গ্রেডের ভাইভা পরীক্ষায় নম্বর বৃদ্ধি করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ১১ ও ১২তম গ্রেডের নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবনা মূলত দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার একটি কৌশল। পাশাপাশি পিএসসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনকে নির্দিষ্ট রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ করেছে বিএনপি সরকার।

তিনি আরও বলেন, দলীয়করণ বন্ধ করুন। মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে নিয়োগ দেন। মেধার অবমূল্যায়ন করে আজ্ঞাবহ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা ফের রাজপথে নামবে।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকারের আমলে সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ভাইবার নম্বর ৫০-এ উন্নীত করে একটি নতুন বৈষম্য আনতে যাচ্ছে। এর মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন এবং ভাইবার এই বর্ধিত নম্বরের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাব, রেফারেন্স ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে কেবল যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদানের ব্যবস্থা করুন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই প্রতিবাদ ও আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ সময় চাকসু ভিপি-জিএস ছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, চাকসুর অন্যান্য নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬