অধ্যাপক কামরুল হাসান

সরকার কেন এত বিশ্ববিদ্যালয় চায়? এর উত্তর গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছেন

২০ আগস্ট ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন © ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ৪ নেতাকে উপাচার্যের অফিশিয়াল প্যাডে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাজমুস সাদাত। এর তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে অধ্যাপক কামরুল হাসান মামুন লিখেছেন, ‘আমাদের সরকারগুলো কেন এত বিশ্ববিদ্যালয় চায়? এর প্রকৃষ্ট উত্তর গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছেন।’

তিনি বলেন, ‘এই সরকার কেমন ভিসি নিয়োগ দিয়েছে দেখুন কজন মানুষকে সরকারি দল তাদের দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তাতেই খুশিতে গদগদ হয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা ও শিক্ষকদের পক্ষ হয়ে একদম অফিসিয়াল পেডে বিশাল একটি অভিনন্দন পত্র পাঠিয়েছেন। চিঠির ভাষা এবং দৈর্ঘ্য দুটোই প্রমাণ করে, তার তোষামোদির মাত্রা ও যোগ্যতা।’

তিনি আরও বলেন, ‘শুধু সে একা না। অনেক ভিসিকেই দেখি মন্ত্রী-এমপিদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাইতে। মানে এরা কি বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার যোগ্য? এই জন্যই বলি, এই সরকারের নিয়োগগুলো খুবই খুবই বাজে হচ্ছে।’

অধ্যাপক কামরুল হাসান মামুন আরও বলেন, ‘শুধু এই সরকার না, আগের আওয়ামী লীগ সরকার ঠিক এমন কাজই করেছেন। মনে আছে নির্বাচনের সময় ভিসি এবং দলের শিক্ষকরা এমপি পদপ্রার্থীর পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি পর্যন্ত গিয়েছে। এদেরকে কি ভিসি বলা যায়? এই মাত্র জানলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক রেজাউর রেজাউল করিমও পিছিয়ে নেই। WOW না?’

আরও পড়ুন: অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ৪ নেতাকে উপাচার্যের অফিশিয়াল প্যাডে অভিনন্দন জানান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাজমুস সাদাত। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত চার পৃথক বার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যকে অভিনন্দন জানানো হয়। বিএনপির ৪ নেতা হলেন- মো. ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী আহমেদ ও মো. আমানউল্লাহ আমান। 

মো. আমানউল্লাহ আমানের শুভেচ্ছা বার্তায় তিনি জানান, শ্রদ্ধেয় মহোদয়, সালাম জানবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনার অন্তর্ভুক্তির সংবাদ জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। 

তিনি লেখেন, ‘আপনার এই সফলতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’ অন্য তিন নেতাকে পাঠানো অভিনন্দন বার্তায়ও তিনি প্রায় একই ভাষা ব্যবহার করেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬