কোড সামুরাই-২০২২

ঢাবিতে ৩২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০-২১ ডিসেম্বর

১৭ ডিসেম্বর ২০২২, ০১:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কোড সামুরাই—আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন ২০২২'। আগামী মঙ্গলবার ও বুধবার (২০-২১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রনত সিএসই শিক্ষার্থীদের ৫০টি দল অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এবং বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি (বিজেআইটি) যৌথভাবে এ হ্যাকাথনের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবারের হ্যাকাথন আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) ঢাবির সিএসই বিভাগ মিলনায়তনে হ্যাকাথন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোড-সামুরাই হ্যাকাথন ২০২২-এর আহ্বায়ক ও  ঢাবির সিএসই বিভাগের অধ্যাপক ড. উপমা কবির। তিনি বলেন, 'হ্যাকাথন' এক ধরনের 'প্রবলেম বেজড প্রোগ্রামিং' প্রতিযোগিতা। হ্যাকাথনে অংশ নেয়া প্রতিযোগীরা বিভিন্ন ধরনের বৈশ্বিক কিংবা স্থানীয় সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধান বের করার সুযোগ পায়। আধুনিক প্রযুক্তি শিল্পের বিকাশ মানুষের জীবনধারার উন্নতিতে দারুণভাবে ভূমিকা রাখছে। ইন্টারনেট অফ থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও রোবোটিক্স—এগুলো এখন প্রযুক্তিনির্ভর সমাজের অবিচ্ছেদ্য অংশ। 

তিনি আরও বলেন, তাই কোড সামুরাই হ্যাকাথনের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুত করা যাতে তারা সমাজ ও অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ আয়োজন তাদের ভবিষ্যত ক্যারিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সকারী দলগুলোর জন্য ১০ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ রয়েছে। অন্যসব অংশগ্রহণকারীর জন্যও থাকছে বিশেষ স্বীকৃতি। পাশাপাশি জাপানে ইন্টার্নশিপ এবং মর্যাদাপূর্ণ আইটি ক্যারিয়ার গড়ার জন্য সুযোগ পাবেন যোগ্য প্রতিযোগীরা।

আগামী ২০-২১ ডিসেম্বর এবারের হ্যাকাথন অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘কোড সামুরাই ২০২২–আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন'র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনের পর মঙ্গলবার দুপুর ১২টায় সিএসই বিভাগের ল্যাবে প্রতিযোগিতা শুরু হবে। টানা ২৪ ঘন্টার এ হ্যাকাথন পরের দিন অর্থাৎ বুধবার দুপুর ১২টা পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা চলাকালীন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিচার করবেন। বুধবার বিকাল ৪টায় টিএসসি মিলনায়তনে হ্যাকাথনের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ বিশিষ্ট অতিথিরা সমাপনী আয়োজনে উপস্থিত থাকবেন

এবারের কোড সামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে প্রতিযোগিতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও জাপান- বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। এ উপলক্ষে সমাপনী সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাপানের জনপ্রিয় জাদুশিল্পী সুত ওগাওয়া (Shoot Ogawa) সমাপন অনুষ্ঠানে উপস্থাপনা পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোড-সামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন ২০২২-আয়োজক কমিটির সদস্য সচিব ও  ঢাবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, এক্সেকিউটিভ কমিটির সদস্য ও বিজেআইটি লিমিটেড এর সিওও ড. মেহেদী মাসুদ, জান্নাতুন সাদিয়াত এবং নাহো কাটসুকি।

দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬