ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে ফিরতে হবে ইউল্যাব উপাচার্যকে

০১ অক্টোবর ২০২৬, ০২:৩১ PM
অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ও ঢাবির লোগো

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ও ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজার লিয়েন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে নিজ বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের জন্য তার চার বছরের লিয়েন ছুটির বিষয়টি নিয়ে গতকাল সিন্ডিকেট সভায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অধ্যাপক ড. সামসাদ মর্তূজার লিয়েন ছুটি বাতিল করা হয়েছে। ওনাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে বিভাগে যোগদান করতে বলা হয়েছে।’

এর আগে অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ইউল্যাবে অধ্যাপক ও উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের জন্য ১ আগস্ট ২০১৬ থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত মোট পাঁচ বছর লিয়েন ছুটি ভোগ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বর্তমানে একজন শিক্ষক সর্বোচ্চ চার বছর পর্যন্ত লিয়েন ভোগ করতে পারেন। এর আগে এই সময়সীমা পাঁচ বছর ছিল।

জানা যায়, ড. সামসাদ মর্তূজা ২০১৫ সালের ১৫ জুন অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এর পরের বছর, ২০১৬ সালে, তিনি ইউল্যাবে যোগ দেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইউল্যাবের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: লিয়েনে ৫ বছরের ছুটি শেষ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালনে চান আরও ৪ বছর

এরপর আবার ইউল্যাবের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চার বছরের লিয়েন ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাবির সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছিল, ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চার বছর লিয়েন মঞ্জুরের বিষয়টি বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ ওভারহেড চার্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদান সাপেক্ষে তাকে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি দেওয়ার কথাও নথিতে উল্লেখ ছিল।

তবে সিন্ডিকেটের আলোচনার পর ওই লিয়েন ছুটিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক না হওয়ায় বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক সামসাদ মর্তূজা অবশ্য তার বর্তমান দায়িত্বকে লিয়েন ছুটি হিসেবে দেখছেন না। এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেছিলেন, ‘আমি লিয়েনের জন্য আবেদন করিনি। আমাকে ডেপুটেশনে চার বছরের জন্য ছুটি দেওয়া হয়েছে। আমার কাছে যে চিঠি আছে, সেখানে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে। আমি ওইটুকুই জানি। পরে শুনেছি, ডেপুটেশনের ক্লজ পরিবর্তন হতে পারে। এ বিষয়ে আমাকে অফিস থেকে ফোনে শুধু এতটুকুই জানানো হয়েছে। এর বেশি আমি জানি না।’

ছুটির বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার কাছে যে চিঠিটি আছে, সেটিতে আমাকে চার বছরের জন্য ডেপুটেশন দেওয়া হয়েছে। আমি ২০২২ সালে যোগদান করেছি। ডেপুটেশনের চিঠি আসে ২০২৬ সালে। পরে শুনেছি, ডেপুটেশনের ক্লজ পরিবর্তন হয়েছে। তবে আমার কাছে এখনো এ-সংক্রান্ত ফাইল আসেনি। তাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কী সিদ্ধান্ত হচ্ছে, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আমার সঙ্গে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যোগাযোগ নেই।’

১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ…
  • ০১ অক্টোবর ২০২৬