এনইআইআর চালু আজ, আপনার মোবাইল কি বৈধ? জানবেন যেভাবে

০১ জানুয়ারি ২০২৬, ০৪:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি)। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না। এমনকি ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত যেসব হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) তালিকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলোও বন্ধ হবে না।’

আপনার মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা। এজন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করলেই জানা যাবে ফলাফল।

কয়েক ধাপে যেভাবে যাচাই প্রক্রিয়া
ধাপ–১ : মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ–২ : প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।
ধাপ–৩ : অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, যারা চাইলে এ সেবাটি neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সিটিজেন পোর্টালে লগইন করে বা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিতে পারবেন।

এছাড়াও কয়েকটি ধাপে বৈধতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ধাপ-১ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপ : KYD 123456789012345।
ধাপ-২ : IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।
ধাপ-৩ : ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

এর আগে গত ১০ ডিসেম্বর অবৈধ হ্যান্ডসেট বা 'গ্রে মার্কেট'–এর ফোন বন্ধের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ ও অবরোধ করেন বিক্রেতারা। এর পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এনইআইআর চালুর কার্যক্রম তিন মাসের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল। তবে বিটিআরসির এক কর্মকর্তা জানান, তিন মাস পেছানোর ওই সিদ্ধান্তের বিষয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিটিআরসি বলছে, অবৈধ হ্যান্ডসেট রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজারের বিশৃঙ্খলা দূর করতেই এনইআইআর চালু করা হচ্ছে। কারিগরিভাবে এনইআইআর মূলত আইএমইআই, সিম নম্বর ও আইএমএসআই (ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি) এ তিনটি বিষয় যাচাই করে নেটওয়ার্ক সচল রাখে। এটি কোনো কল রেকর্ড করে না, মেসেজ পড়ে না কিংবা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করে না।

তবে এনইআইআর একটি কেন্দ্রীয় ডেটাবেসে ডিভাইস ও সিমকে স্থায়ীভাবে সংযুক্ত করায় নজরদারির উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এনইআইআর নিজে নজরদারির হাতিয়ার না হলেও সুরক্ষা ব্যবস্থা দুর্বল হলে এটি নজরদারির সুযোগ তৈরি করতে পারে।

ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও চুরি হওয়া ফোন বন্ধে একই ধরনের ব্যবস্থা চালু আছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, এনইআইআর ডিজিটাল অর্থনীতিতে জালিয়াতি রোধ করতে পারে। তবে সমালোচকদের মতে, এর বৈধতা নির্ভর করবে কঠোর আইনি তদারকি, স্বচ্ছতা, যৌক্তিকতা এবং গোপনীয়তা সুরক্ষার ওপর।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি হিসেবে যোগ দিলেন মোহা…
  • ০৩ আগস্ট ২০২৬
নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়ি…
  • ০৩ আগস্ট ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মারামারি, আহত …
  • ০৩ আগস্ট ২০২৬
‎জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার: তদন্…
  • ০৩ আগস্ট ২০২৬
সমালোচনার পর বিজ্ঞপ্তিতে বক্তব্য বদলাল বিদ্যুৎ মন্ত্রণালয়
  • ০৩ আগস্ট ২০২৬
আইইউবিএটিতে উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন
  • ০৩ আগস্ট ২০২৬