কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
কারিগরি শিক্ষকদের বদলির পর নতুন প্রতিষ্ঠানে বেতন পেতে জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বদলির পর শিক্ষকের বেতন নতুন প্রতিষ্ঠানে কীভাবে কার্যকর হবে, তা নিশ্চিত করতে এখনো সফটওয়্যার-সংক্রান্ত ব্যবস্থা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ব্যবহৃত সফটওয়্যার কোম্পানির সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আগের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বদলির পর নতুন প্রতিষ্ঠানে শিক্ষকের বেতন কার্যকর করার জন্য সফটওয়্যার ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ। এ কারণে নতুন সফটওয়্যার কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি বদলি কার্যক্রমের শেষ ধাপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘যে প্রতিষ্ঠানে একজন শিক্ষক বদলি হবেন, সেই প্রতিষ্ঠানে তার বেতনটা কীভাবে নির্ধারণ হবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারিনি। এটি ‘লাস্ট ফিনিশিং’ সমস্যা। কারণ আগের সফটওয়্যার কোম্পানির সঙ্গে চুক্তি শেষ। এজন্য আমরা কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলতেছি। আমরা চেষ্টা করছি নতুন কোনো কোম্পানির সঙ্গে ফাইনাল চুক্তি করতে। তাহলে সমস্যার সমাধান হবে।'
এ কারণে বদলি সংক্রান্ত বিষয় দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমাদের তো যেকোনো একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েই যাবে।’
এদিকে কারিগরি শিক্ষকদের বদলির আগেই শূন্যপদের তথ্য নিয়ে জটিলতা রয়েছে। এমপিও-টিটিএস সফটওয়্যারে প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য হালনাগাদ করা হচ্ছে বদলি কার্যক্রমের প্রস্তুতি হিসেবে। তবে সফটওয়্যারে থাকা তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির পার্থক্য থাকায় কোথাও কোথাও শূন্যপদ নির্ধারণে সমস্যা হচ্ছে।