কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্যপদের তথ্য দেওয়ার সময় ফের বাড়ানো হচ্ছে। দুই হাজারের বেশি প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত এক হাজার ৩৩২টি প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য দিতে পেরেছে। অনেক প্রতিষ্ঠান প্রধান এখনো ই-মেইল জটিলতায় এমপিও-টিটিএস (MPO-TTS) সফটওয়্যারে প্রবেশ করতে পারছেন না। সব প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য না পাওয়া পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সফটওয়্যারে শূন্যপদের তথ্য হালনাগাদের জন্য এর আগে ১২ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান তথ্য দিতে পারেনি।
আরও পড়ুন: ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরসিএ
পরে গত মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান ই-মেইল অ্যাক্সেস ব্যবহার করে এমপিও-টিটিএস সফটওয়্যারে প্রবেশ করে শূন্যপদের তথ্য হালনাগাদ করতে পারেনি অথবা হালনাগাদ করেনি। এ অবস্থায় শূন্যপদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদের তালিকা পাঠানোর জন্য প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তাগাদা দেওয়া হয়।
অধিদপ্তরের এমপিও শাখার নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংযুক্ত কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য না থাকলে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। কারণ বদলি কার্যক্রমে কোন প্রতিষ্ঠানে কোন পদ ও বিষয়ে শূন্যপদ রয়েছে, সে তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই সব প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার জন্য আবারও সময় বাড়ানো হচ্ছে।’