পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

১২ আগস্ট ২০২৬, ১২:৪৭ PM
সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম

সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তিকরণ এবং চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী, চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম।

বুধবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টাকা প্রচলিত নিয়ম ও বিধি-বিধান মোতাবেক প্রদানের ব্যবস্থাকরণ; বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থাকরণ, শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের ব্যবস্থাকরণ, শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর বদলে পিএসসি-২ এর ব্যবস্থাকরণ, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তিকরণ, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থাকরণ, চাকরির বয়স ৬৫ বয়স উন্নীতকরণ, নৈশ প্রহরীদের প্রচলিত নিয়মে ছুটির ব্যবস্থাকরণসহ দ্বিতীয় নৈশ প্রহরী নিয়োগ।

 আগামী ৩১ আগস্টের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এই ১০ দাবি পূরণ না হলে ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো:
শিক্ষা মন্ত্রণালয়কে আগামী দশদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধির দলের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।
আগামী সেপ্টেম্বর- অক্টোবর ২০২৬ এ বিভাগীয় সমাবেশ করে দাবিগুলোর পক্ষে জনমত গঠন করা হবে।
দল মত নির্বিশেষে দেশের শিক্ষক-কর্মচারীদের নিয়ে সংগ্রাম কমিটি গঠন করে দাবি আদায়ের জন্য বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও কল্যাণ-অবসর সুবিধা বোর্ড নিয়ম-নীতি ভঙ্গ করে আগামী ১৫, আগস্ট কল্যাণ ট্রাস্ট থেকে ৪৪ হাজার আবেদনকারীর প্রত্যেককে আড়াই লাখ টাকা এবং অবসর সুবিধা বোর্ড থেকে ৫ লাখ টাকা একাকলীন প্রদান করতে যাচ্ছে। তবে বিগত দিনে অবসরপ্রাপ্ত একজন শিক্ষক-কর্মচারী কল্যাণ-অবসরের টাকার জন্য আবেদন করলে কল্যাণ ট্রাস্ট থেকে সর্বশেষ বেতনের ২৫ মাসের সমপরিমাণ অর্থ এবং অবসর সুবিধা বোর্ড থেকে সর্বশেষ বেতনের ৭৫ মাসের সমপরিমাণ অর্থ প্রদান করা হতো। শিক্ষক-কর্মচারীদের প্রশ্ন হলো এখন কেন কল্যাণ ট্রাস্ট থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা এবং অবসর সুবিধা বোর্ড থেকে ৫ লাখ টাকা প্রদান করা হবে?

তাছাড়া শোনা যাচ্ছে আগামী দিনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরকে তাদের শুধু জমানো টাকা ফেরত দেওয়া হবে। ফলে শিক্ষক-কর্মচারীদের ধারণা হলো শিক্ষা মন্ত্রণালয় সরকারের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরকে বিষয়ে তোলার কূট কৌশল অবলম্বন করছে। অথচ বিএনপি সরকার এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সর্বমোট ৭০ শতাংশ বেতনের ব্যবস্থা করেছে। প্রকৃত পক্ষে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমাজ স্বাধীনতার ৫৬ বছর পরেও ভালো নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার সার্বিক উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে জিডিপির ২ শতাংশ টাকা বরাদ্দ প্রদান করেছেন। আগামী ৪ বছরের তিনি শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে সরকার শিক্ষক-কর্মচারী কল্যাণ-অবসরের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার ফলে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাজ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল হতে যাচ্ছে বলেই শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা ও শিক্ষকদের বিরুদ্ধে সূক্ষ্ণ ষড়যন্ত্র শুরু করেছে। যাতে করে সরকার ও শিক্ষকদের মধ্যে ভুল বুঝাবুঝিসহ দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং শিক্ষক-কর্মচারী সমাজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ মনে করেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করলে শিক্ষায় কোন বৈষম্যই থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ২০১০ খ্রিষ্টাব্দের ১২ মে চীন মৈত্রী সম্মেলেন কেন্দ্রে শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধি সমাবেশে বলেছিলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। ২০২৬ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আজকের প্রধানমন্ত্রীও শিক্ষক-কর্মচারীদেরকে আশ্বাস দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণসহ চাকরি জাতীয়করণ করবেন। বর্তমান সরকারের ১৮০ দিন শেষ হওয়ার প্রাক্কালেও শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বরং গত ঈদুল আজহার পূর্বে ১০ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬