দোকানির টাকা নিয়ে বৈষম্যবিরোধী নেতা বললেন—‘আমি আপনার উপকার করছি, আমারেও একটু দেখেন’

২৯ জুন ২০২৬, ১২:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৫৭ PM
বাধন বিশ্বাস স্পর্শ ও ভুক্তভোগী দোকানি ববিতা

বাধন বিশ্বাস স্পর্শ ও ভুক্তভোগী দোকানি ববিতা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল এলাকায় বিধবা ববিতা খাতুনের চায়ের দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করিয়ে বিনিময়ে ‘আমি আপনার উপকার করছি, আমারেও একটু দেখেন’ বলে দোকানির টাকা নিয়ে উধাও ইবির সেই বিতর্কিত বৈষম্যবিরোধী নেতা বাধন বিশ্বাস স্পর্শ। দোকানির উপকারের দোহাই দিয়ে ধার নেওয়ার নাম করে ৫০০০ টাকা নিলেও পরবর্তী সময়ে তা আর ফেরত দেয়নি ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম সদস্যসচিব। 

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকানি ববিতা খাতুনের কান্নাজড়িত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ভুক্তভোগী ববিতা খাতুন শহীদ আনাস হলের সামনের লিচুবাগানে চায়ের দোকান চালান।

ভিডিও সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের সময় এক দিনের জন্য বলে ববিতা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন বাধন বিশ্বাস স্পর্শ। অভিযোগ রয়েছে, এরপর একাধিকবার টাকা ফেরত দেওয়ার তারিখ পরিবর্তন করলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেননি। সর্বশেষ গত ২০ জুন টাকা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা দেননি। এ ছাড়া দোকানের নাশতার বিল ২৩০ টাকা বকেয়া হলেও সেটাও পরিশোধ করেননি বলে অভিযোগ ববিতা খাতুনের।

আরও পড়ুন: পুলিশ ক্যাডারে অষ্টম, পেয়েছেন প্রশাসনও—এবার ফরেন ক্যাডারে দ্বিতীয় হলেন ‍কুয়েটের সাদিক

ভিডিওতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ববিতা খাতুন অভিযোগ করে বলেন, ‘বাধন আমার কাছ থেকে ৫০০০ টাকা হাওলাত (ধার) নিছে আমার দোকান খোলার বাবদে। যেকোনো কারণবশত আমার দোকানটা বন্ধ হইছিল, ও খুলে দিয়েছিল। তাই বলে আমার এত বড় ক্ষতি করবে বলেন? ও বলেছে, খালা আমি আপনার উপকার করেছি, আমারও একটু উপকার করেন। তাই বলে ৫০০০ টাকা হাওলাত নিছিল। নিয়ে আজ দেয় কাল দেয়, দেয় না। ২০ তারিখে দেয়ার কথা ছিল, আজ ২৫ তারিখ, একটা টাকাও দেয়নি। তারপরে দোকান বিল ২৩০ টাকা, তাও আমারে দেয় নাই।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কী দিয়ে কী খাওয়াব? আমি তো গরিব মানুষ। টাকা না দিলে কীভাবে দোকান চালাব? আজ আমার স্বামী বেঁচে থাকলে আমাকে এই কষ্ট করতে হতো না। কোনো কারণে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, ও আবার খুলে দিতে সাহায্য করেছিল। কিন্তু পরে এভাবে আমার এত বড় ক্ষতি করবেন, সেটা আমি ভাবিনি। আমি আপনাদের কী বলব, আমার দোকানে তো ৫,০০০ টাকার মালই থাকে না। আমি অনেক মামাদের জানাইছি তারা বলছে খালা, আমরা তো ওর সঙ্গে পারি না, আপনি প্রক্টর স্যারের সাথে কথা বলেন।’

অভিযোগের ব্যাপারে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাসকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা ইতোমধ্যে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। যেহেতু মানুষ, একজনের কাছে অন্যজন ধার নিতেই পারে। তবে আসলে ঘটনা কী ঘটেছে, সেটা লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা কি এগিয়ে আসছে?
 
বারবার বিতর্কিত ঘটনা ঘটানোর ব্যাপারে প্রক্টর বলেন, ‘ইতোমধ্যেই আমার পূর্বের ঘটনায় জুনিয়রকে হুমকি দেওয়ার বিষয়ে প্রক্টরিয়াল বডি থেকে উপাচার্য মহোদয়ের কাছে একটা লিখিত পাঠানো হয়েছে। এ বিষয়ে আলোচনা করে আমার পরবর্তীতে জানাতে পারব।’

উল্লেখ্য, বাধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফেসবুক পোস্টে কমেন্টের জেরে এক জুনিয়রকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এ সময় জুনিয়র শিক্ষার্থীর হলের সিটের ব্যাপারেও হুমকি দেয়। তারও আগে তার বিভাগের এক নারী শিক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে আসে। ওই ঘটনার জেরে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তার স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এ ছাড়া নির্বাচনের আগে ইবিতে আয়োজিত জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা দেন বাধন। এ সময় অনুষ্ঠানস্থল থেকে অতিথিদের বসার চেয়ার ও বৈদ্যুতিক তার নিয়ে সাদ্দাম হোসেন হলের গেস্টরুমে আটকে রাখেন তিনি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে পূজা উদযাপন পরিষদ এবং জেলা সমিতি থেকেও বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসের ছাত্রনেতাদের নিয়ে অপমানসূচক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ৫ ভাষার নাম বললেন প্রধানমন্ত্রী
  • ২৯ জুন ২০২৬
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের মাসব্…
  • ২৯ জুন ২০২৬
আদ-দ্বীন হাসপাতালের রিটের শুনানি আজই
  • ২৯ জুন ২০২৬
যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান
  • ২৯ জুন ২০২৬
‘আল্লাহ যেন তৌফিক দেন, ফ্যামিলি কার্ডের টাকা ২৫০০ থেকে ২৫ হ…
  • ২৯ জুন ২০২৬
মাতৃত্বকালীন ছুটি সীমিত করায় হাইকোর্টের রুল 
  • ২৯ জুন ২০২৬