কেন্দ্রীয় কমিটিতে কি এবার মূল্যায়ন পাবে রাবি ছাত্রদল?

১০ মার্চ ২০২৬, ০৩:৩০ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:৩৩ PM
কেন্দ্রীয় কমিটি পদপ্রত্যাশী রাবি ছাত্রদলের নেতারা

কেন্দ্রীয় কমিটি পদপ্রত্যাশী রাবি ছাত্রদলের নেতারা © সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাবেক শিক্ষার্থী নেতৃত্ব দিয়ে আসছেন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব গঠনকে ঘিরেও আবারও আলোচনায় উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম।

অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা এবং ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবিসহ নানা কারণে সম্প্রতি সমালোচনার মুখে রয়েছে ছাত্রদল। এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির মেয়াদও শেষ হয়েছে, ফলে নতুন কমিটি গঠন নিয়ে দলের ভেতরে চলছে জোর আলোচনা। সম্ভাব্য পদপ্রত্যাশীরা ইতোমধ্যে তদবির ও যোগাযোগ শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে; যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— এবারের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের অবদান, ত্যাগ ও নেতৃত্বের সম্ভাবনা কি যথাযথ মূল্যায়ন পাবে, নাকি আগের মতোই তারা আবারও উপেক্ষিত থেকে যাবেন?

অতীতে কেন্দ্রীয় নেতৃত্বে রাবির উপস্থিতি
অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে আসার ইতিহাস রয়েছে। এর মধ্যে অন্যতম রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হন। পরবর্তীকালে তিনি বিএনপির মূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের ইতিহাসে রিজভীর নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছিল।

জাতীয় রাজনীতিতেও রাবির সাবেক ছাত্ররা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজন নেতা পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাবি ছাত্রদলের সঙ্গে যুক্ত প্রায় ৮-৯ জন নেতা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন। ফলে অনেকের মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

অন্যান্য ছাত্রসংগঠনে প্রতিনিধিত্ব
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতাদের মূল্যায়ন করা হয়েছে। অতীতে ও বর্তমান কেন্দ্রীয় কমিটিতে রাবি শাখার একাধিক নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে সীমিত ছিল বলে জানা গেছে।

নির্যাতনের অভিযোগ ও ত্যাগের ইতিহাস
রাবি ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, গত এক দশকের বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তারা সংগঠনকে টিকিয়ে রেখেছেন। এ সময়ে বহু নেতাকর্মী মামলা, গ্রেপ্তার, বহিষ্কার ও হামলার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, এত ত্যাগ ও সাংগঠনিক সক্রিয়তার পরও কেন্দ্রীয় কমিটিতে রাবি ছাত্রদলের নেতারা যথাযথ মূল্যায়ন পাননি।

রাবি থেকে আলোচনায় যারা
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ পেতে আলোচনায় রয়েছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক, সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, ছাত্রসংগঠনে নেতৃত্বের সুযোগ পাওয়া রাজনীতির বড় প্রেরণা। কিন্তু বারবার উপেক্ষিত হলে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, স্বৈরাচার সরকার পতন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনের দায়িত্ব আমাদের ওপর ছিল, যা আমরা পালন করেছি। আমরা দল করি, তাই দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। রাকসু নির্বাচনে গোপন ব্যালটে আমি ভিপি পদপ্রার্থী নির্বাচিত হলেও নির্বাচন সফল করতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সরে দাঁড়িয়েছি। আমাদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগ অবশ্যই বিএনপি মূল্যায়ন করবে বলে আশা করি।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শাখা যদি প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত থাকে, তাহলে সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যেতে পারে। রাবি শাখার অবদান ও ত্যাগ বিবেচনায় কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব বাড়লে সংগঠন আরও শক্তিশালী হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যেও ছাত্র রাজনীতির আগ্রহ বাড়বে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে রাবি ছাত্রদল থেকে মূল্যায়ন করা হবে কি না– এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950