উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ

১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ PM
আকিল আহমেদ

আকিল আহমেদ © সংগৃহীত

উপকূলের মাটি থেকে জাতীয় নেতৃত্বের পথে এগিয়ে চলা এক সম্ভাবনাময় তরুণ —আকিল আহমেদ। বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বরগুনা যেমন সম্ভাবনার জনপদ, তেমনি নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জেরও সাক্ষী। প্রতিকূল এই বাস্তবতার মধ্যেই আকিলের স্বপ্ন কেবল নিজেকে প্রতিষ্ঠিত করা নয়; বরং তরুণদের সংগঠিত করে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেওয়া এবং সেই উদ্যোগকে জাতীয় সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া।

বিজ্ঞানচর্চা, পরিবেশবান্ধব উদ্ভাবন, তরুণদের সংগঠিত করা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাঁর পথচলা শুরু, তিনি এবার উঠে এসেছেন জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী নেতৃত্বে। ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (VDF) জাতীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তবে তাঁর স্বপ্ন শুধু একটি সংগঠনের নেতৃত্বে সীমাবদ্ধ নয়; উপকূলের তরুণদের নেতৃত্বের বিকাশ ঘটিয়ে আন্তর্জাতিক পরিসরে তাঁদের সম্ভাবনা তুলে ধরাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।

২০০৪ সালের ২৭ এপ্রিল বরগুনা সদর উপজেলায় জন্মগ্রহণ করেন আকিল আহমেদ। বরগুনাতেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের সূচনা। বরগুনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (BUP) উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

আকিল আহমেদের কাজের অন্যতম উল্লেখযোগ্য ক্ষেত্র পরিবেশবান্ধব উদ্ভাবন। তাঁর সঙ্গে সম্পৃক্ত ‘প্রজেক্ট শূন্য’ এ ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত। প্রকল্পটির মাধ্যমে আখের ছোবড়া ব্যবহার করে প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব প্লেটসহ বিভিন্ন পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিজ বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানোর সম্ভাবনা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নিয়ে তাঁর বিভিন্ন প্রকল্প জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া ‘প্রজেক্ট শূন্য’ জাতীয় পর্যায়ে ‘তরুণ উদ্ভাবক ও অপেশাদার বিজ্ঞানী’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে। এ সাফল্য তাঁর উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়।

স্থানীয় পর্যায়ে বিজ্ঞানচর্চার প্রসারে ২০১৮ সাল থেকে কাজ করছে বরগুনা সায়েন্স সোসাইটি (BSS)। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আকিল আহমেদ। সাধারণ শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে সহজলভ্য ও বোধগম্য করে তোলা, বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

পাঠ্যবইয়ের গণ্ডিতে বিজ্ঞানচর্চাকে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে শেখা, পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভাবন ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করছে সংগঠনটি। বিশেষ করে বরগুনার মতো অপেক্ষাকৃত প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা যেন বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সুযোগের সঙ্গে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেও আয়োজন করা হয় নানা কর্মসূচি।

বরগুনায় মহাকাশ ক্যাম্পসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন আকিল আহমেদ। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ মহাকাশ ক্যাম্প আয়োজনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসু চিন্তা বিকাশে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞানচর্চার পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশেও সক্রিয় আকিল আহমেদ। তিনি বাংলাদেশ ইয়ুথ মক পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তরুণদের প্রতিনিধিত্ব, গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে নিজেকে আরও দক্ষ করে তোলার সুযোগ পেয়েছেন।

আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৫-এ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে শ্রীলঙ্কা সফর করেন তিনি। এ ছাড়া স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে অর্জন করেন ‘ন্যাশনাল বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’। বিভিন্ন সময়ে পেয়েছেন আরও একাধিক পুরস্কার ও সম্মাননা।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (VDF) সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আকিল আহমেদের সাংগঠনিক নেতৃত্বের যাত্রা আরও বিস্তৃত হয়। বরগুনা জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বরিশাল বিভাগীয় সভাপতি  এবং ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে এগিয়ে যান জাতীয় নেতৃত্বের পথে।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত VDF-এর জাতীয় নির্বাহী কমিটির নির্বাচনে সারা দেশের স্বেচ্ছাসেবকদের ভোটে সভাপতি নির্বাচিত হন আকিল আহমেদ। বরগুনার একজন তরুণের জেলা পর্যায় থেকে বিভাগীয় নেতৃত্ব পেরিয়ে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্বে পৌঁছানোর এ অর্জন স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত।

জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব পাওয়ার পর আকিল আহমেদের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থী ও তরুণেরা। তাঁর বিশ্বাস, প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের তরুণদের মধ্যে নেতৃত্বের সক্ষমতা তৈরি করা গেলে তাঁরা শুধু নিজেদের ব্যক্তিগত অবস্থানই পরিবর্তন করবেন না, বরং স্থানীয় সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আকিল আহমেদ বলেন, —আমি উপকূলীয় জেলা থেকে উঠে এসেছি। তাই উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের নিয়ে কাজ করার বিশেষ আগ্রহ রয়েছে। তাঁদের নেতৃত্বের সক্ষমতা আরও শক্তিশালী ও বেগবান করতে চাই। তাঁরা যেন নিজেদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পারেন এবং উপকূলের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সংযুক্ত করে আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরিতে কাজ করতে চাই। আমাদের তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে বিকশিত করার উপযুক্ত সুযোগ, দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ তৈরি করা।

বরগুনার উপকূলীয় জনপদ থেকে শুরু হওয়া আকিল আহমেদের পথচলায় রয়েছে বিজ্ঞানচর্চা, পরিবেশবান্ধব উদ্ভাবন, স্বেচ্ছাসেবা ও নেতৃত্বের নানা অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব পাওয়ার পর এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের সংগঠিত করা, তাঁদের নেতৃত্বের সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক পরিসরে যুক্ত করার স্বপ্ন দেখছেন তিনি। তাঁর কাছে জাতীয় নেতৃত্বের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং উপকূলের সম্ভাবনাময় তরুণদের সামনে এগিয়ে নেওয়ার একটি নতুন সুযোগ।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950