‘অবহেলিত’ ক্রিকেটার তাইজুল, পরিসংখ্যানে বিশ্বে এক নম্বর বাঁহাতি স্পিনার

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে অবহেলিত তাইজুল ইসলাম

বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে অবহেলিত তাইজুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অপরিহার্য সদস্য স্পিনার তাইজুল ইসলাম। অসাধারণ ও বৈচিত্র্যময় তার বোলিং, বিস্ময়কর তার রেকর্ড। কিছুদিন আগেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। সেটাও কিনা মাত্র ৪৮ ম্যাচে। বাংলাদেশের হয়ে প্রথম এ মাইলফলক স্পর্শ করতে সাকিব আল হাসানের লেগেছিল ৫৪ ম্যাচ। ফলে তিনি গড়েছেন বাংলাদেশি হিসেবে টেস্টে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড। টেস্ট স্কোয়াডে নিয়মিত হলেও বাকি দুই ফর্মম্যাটে তাইজুল অবহেলিত ও উপেক্ষিত। দারুণ সব পারফরম্যান্স করলেও তাকে নিয়ে তেমন আলোচনা নেই।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, বিশ্ব মানের স্পিনার হয়েও বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে অবহেলিত তাইজুল। তাইজুলকে বাংলাদেশ ক্রিকেটর অমূল্য সম্পদ উল্লেখ করে তিনি লেখেন, ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ।’  

তবে দুর্দান্ত সব পারফরম্যান্সের পরও জাতীয় দল থেকে তাইজুল প্রাপ্য সম্মান পান না বলে অভিযোগ করেন তামিম। তার মতে, বিশ্বের অনেক সেরা বোলারের চেয়েও এগিয়ে তাইজুল। কিন্তু তারপরও বিশ্ব ক্রিকেটেও তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না।
 
তামিম ইকবালের কথাগুলো সত্য। পরিসংখ্যানও তাই বলে যে, বর্তমান বিশ্বে এক নম্বর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এখন বিশ্বে যেসব বাঁহাতি স্পিনার আছেন, পরিসংখ্যানে সবাইকে ছাড়িয়ে গেছেন এই স্পিনার।

জ্যামাইকার স্যাবাইনা পার্ক বা সদ্য সমাপ্ত বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

শুধু ই নয়, তাইজুল তার বাঁহাতি স্পিনের খেল দেখিয়ে চলেছেন এক দশকের বেশি সময় ধরে। ইনিংসে ৫ উইকেটই নিয়েছেন এ নিয়ে ১৫ বার। পরিসংখ্যান বলছে, ১০ বছর আগে তাইজুলের টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত সময়ে তার মতো এত বেশিবার ইনিংসে ৫ উইকেট আর কোনো বাঁহাতি স্পিনারই নিতে পারেননি।

এই এক দশকে ভারতের রবীন্দ্র জাদেজা তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন, বেশি উইকেট পেয়েছেন, কিন্তু ইনিংসে ৫ উইকেটে পিছিয়েই আছেন ভারতীয় অলরাউন্ডার। আবার বাংলাদেশের বাঁহাতি স্পিনে যার সঙ্গে তাইজুলের তুলনা টানা হয়, সেই সাকিব আল হাসানও বেশ খানিকটা পিছিয়ে আছেন।

তাইজুলের টেস্ট অভিষেক ২০১৪ সালের সেপ্টেম্বরে, সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই দিনেশ রামদিনের দলের বিপক্ষে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। সেই যে শুরু, এরপর ৫ উইকেট নিয়েছেন দেশের মাটিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়, দক্ষিণ আফ্রিকার গেবেখা এবং শ্রীলঙ্কার পাল্লেকেলেতেও। তাইজুলের ইনিংসে ৫ উইকেটের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা।

সব মিলিয়ে ৯১ ইনিংসে ২১৭ উইকেট নেওয়ার পথে তাইজুলের ইনিংসে ৫ উইকেট ১৫ বার। তার অভিষেকের পর থেকে সর্বশেষ ১০ বছর ৩ মাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি এ স্পিনার ৬৫ টেস্টে ১২৪ ইনিংসে বল করেছেন, নিয়েছেন ২৭৪ উইকেট।

অবশ্য বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে তাইজুলের নাম সবার ওপরে না–ও থাকতে পারত। কারণ, শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ ২০১৪ সালের সেপ্টেম্বরের পর খেলা ৬৭ ইনিংসের মধ্যেই ৫ উইকেট নিয়েছেন ১৩ বার। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলা এই বাঁহাতি স্পিনার অবসর–পরবর্তী সময়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিয়ে তাইজুলকে নিয়েও কাজ করেছেন।

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের টেস্ট অভিষেক তাইজুলের দুই বছর পর, ২০১৬ সালের নভেম্বরে। তবে এর মধ্যেই তাইজুলের চেয়ে বেশি টেস্ট (৫১ ও ৫৫) খেলা হয়ে গেছে তার। যদিও ইনিংসে ৫ উইকেট তো বটেই, মোট উইকেটসংখ্যায়ও তাইজুলের চেয়ে পিছিয়ে মহারাজ। ৯২ টেস্ট ইনিংসে মহারাজের শিকার ১৮৬ উইকেট, ইনিংসে ৫ উইকেট ১০ বার। শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া অবশ্য হেরাথের গতিতেই ছুটছেন। মাত্র ১৭ টেস্ট খেলা এই বাঁহাতি স্পিনার ৩২ ইনিংসের মধ্যেই ৫ উইকেট শিকার করেছেন ৯ বার।

বাংলাদেশের বোলিং আক্রমণে লম্বা সময় ধরে বাঁহাতি স্পিনের প্রধান বোলার ছিলেন সাকিব। এই সাবেক অধিনায়ক তাইজুলের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৩৭ টেস্ট। তাতে ৬৫ ইনিংসে বল হাতে নিয়ে উইকেট নিয়েছেন ১২৪টি, ইনিংসে ৫ উইকেট ৮ বার। ক্যারিয়ারের বড় একটা সময় সাকিবের ছায়ায় থাকা তাইজুল এখন যে শুধু সাকিবকেই ছাড়িয়ে গেছেন তা নয়, তার সমসাময়িক সব বাঁহাতি স্পিনারকেই টপকে শীর্ষে অবস্থান করছেন।

ট্যাগ: ক্রিকেট
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬