মুমিনুলের ফিফটিতে স্বস্তি টাইগারদের © সংগৃহীত
মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর শেরে-ই বাংলার মাঠে এদিন ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। শেষ পর্যন্ত জাকির হাসানকে ফিরতে হলো উদ্বোধনী জুটিতে হাফ সেঞ্চুরি করার আগে। তার বিদায়ের কিছুক্ষণ পরই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও। তবে সতীর্থদের এমন আসা-যাওয়ার মাঝেই স্বস্তির এক ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক।
দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন জাকির হাসান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন শান্ত। তিনি ৫৭ বলে ২৪ রান করেন।
বিরতির পর ফিরে প্রথম বলেই সাকিব আল হাসান ড্রেসিংরুমে ফিরে যান। চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন মুশফিক ও মুমিনুল। দুজনের ৪৮ রানের জুটিতে ভালো অবস্থানে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু থিতু হয়ে মুশফিকও ধরেন ড্রেসিংরুমের পথ। বাঁহাতি পেসার উনাদকাটের সুন্দরতম এক বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক।
আরও পড়ুন: দলে ২ পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মুমিনুলকেও বেশ মনোযোগী লাগছে। আলগা বল ছাড়া শাসন করছেন না। উনাদকাটের পায়ের উপরের বল ফ্লিক করে দুটি চার মেরেছেন আত্মবিশ্বাসী শটে। এক ওভার পর বাঁহাতি পেসারকে আপারকাটে দুটি চার মেরে মুমিনুল পৌঁছেছেন ফিফটিতে। ১২ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন তিনি। যা তার ষোলোতম ফিফটি।
বাংলাদেশকে বড় কোনো জুটিই গড়তে দিচ্ছে না ভারত। বাংলাদেশকে লড়াকু স্কোরের আশা দেখাচ্ছেন মুমিনুল হক।