দুর্ঘটনার পর নাজমার সহপাঠীসহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে। © টিডিসি ফটো
চট্টগ্রাম শিকলবাহা কলেজবাজার এলাকায় গাড়িচাপায় নাজমা আক্তার নামে পটিয়া এ জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রী লেগুনার চাপায় আহত হয়েছে। এ ঘটনায় সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় এ ঘটনা ঘটে।
আহত নাজমা পটিয়া এ জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত হওয়ার পর তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা শামিম হাসান জানান, আহত নাজমা সকালে স্কুলে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার সহপাঠীরা সড়ক অবরোধ করে রেখেছে। কক্সবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ আলমগির জানান, ঘাতক লেগুনা চালকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর সে দ্রুত প্রস্থান করে।