পায়রা ও বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। © টিডিসি ফটো
ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সেনা প্রধান ফেনী গার্লস ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস। তিনি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এরপর বর্তমান ও সাবেক ক্যাডেটদের অংশগ্রহণে ‘নারী জাগরণ’ এর উপর একটি বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লে শেষে উদ্বোধনী অনুষ্ঠানের কেক কাটেন অতিথিবৃন্দ। সবশেষে সাবেক ক্যাডেটদের সাথে নিয়ে পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপণ করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।