লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচারী

০১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ AM
চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ আবদুস সাত্তারকে রাজকীয় আয়োজনে বিদায়

চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ আবদুস সাত্তারকে রাজকীয় আয়োজনে বিদায় © সংগৃহীত

 লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ আবদুস সাত্তারকে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষ্যে সহকর্মী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চতুর্থ শ্রেণির কর্মচারী হলেও আবদুস সাত্তারের প্রতি সবার ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। তাকে ফুলের মালা পরিয়ে, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। পরে প্রাইভেটকারে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

১৯৮৫ সালে চাকরিতে যোগ দিয়ে ২০২৬ সালের ৩১ মার্চ শেষ কর্মদিবস পালন করেন আবদুস সাত্তার। দীর্ঘ এই সময়ে দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে হয়ে ওঠেন প্রিয় একজন মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজের ক্ষেত্র ছোট বা বড় নয়, আন্তরিকতা থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আবদুস সাত্তার তার কর্মজীবনের মাধ্যমে সেই সত্যই প্রমাণ করেছেন।

শিক্ষকরা আরও বলেন, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। তার বিদায় অনুষ্ঠানই প্রমাণ করে, এই বিদ্যালয়ের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন তিনি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬