সরকারি হলো দেশের আরও ৩ মাধ্যমিক বিদ্যালয়

২০ মে ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১২:২৩ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ © সংগৃহীত

খুলনা ও নরসিংদীর তিনটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব রেবেকা সুলতানার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনার খালিশপুর উপজেলার ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়’, ফুলতলা উপজেলার ‘আলীম-ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী সদর উপজেলার ‘ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয়’-কে যথাক্রমে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, ‘আলীম-ইস্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং ‘ইউ. এম. সি. সরকারি আদর্শ বিদ্যালয়’ নামে ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের সরকারীকরণের বিষয়টি জাতীয়করণ নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে এবং প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৯ মে থেকে সরকারি কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে আরও কিছু এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হবে। এসব প্রক্রিয়া মন্ত্রণালয়ের কার্যতালিকায় রয়েছে।

এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে দেশের আরও বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। সর্বশেষ গত ৩০ এপ্রিল রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত বাওয়ানী আদর্শ বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়।

গত মার্চ মাসে একসঙ্গে সরকারি করা হয় দেশের চারটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। সেগুলো হলো রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। তিন মাসে আটটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৮টি হল।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬