চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবি ভর্তি পরীক্ষার ফল © ফাইল ছবি
ভর্তি পরীক্ষার ৬ দিন পরও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফলপ্রার্থীরা বলছেন, ফল প্রকাশে দেরি হলে ভর্তি নিয়ে দুর্নীতির আশঙ্কা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আইসিটি সেলের পর্যবেক্ষণে কিছু ত্রুটি পাওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
তবে আজ শনিবার চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম জানান, ‘ডি’ ইউনিটের ফলাফলের কপি এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি। পর্যবেক্ষণে ত্রুটি পাওয়ার বিষয়টিও খোলাসা করতে পারেননি তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বছরের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের পরে পরীক্ষা শুরু করেও দুটি ইউনিট আগে ফল প্রকাশ করেছে। ৩০ ও ৩১ অক্টোবর চার শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
গত সোমবার ও মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা থাকায় বুধবার ‘ডি’ ইউনিটের ফল প্রকাশের কথা জানিয়েছিল ‘ডি’ ইউনিট কর্তৃপক্ষ। তবে বুধবার মধ্যরাত পর্যন্ত ফল তৈরি করে সেটি আইসিটিতে পাঠানোর পর জানানো হয়, বৃ্হস্পতিবারই ফলা প্রকাশ হবে।
এ বিষয়ে কথা বলার জন্য ‘ডি’ ইউনিটের সমন্বয়ক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীকে বৃ্হস্পতিবার থেকে শনিবার দুপুরর ১টা পর্যন্ত টানা তিনদিন ফোন করা হলেও তিনি ধরেননি।