প্রতিকী ছবি © এআই নির্মিত
ঈমান ও ফরজ ইবাদত পালনের পাশাপাশি মানুষের উপকার করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি হলো মানুষের কল্যাণ করা। অন্যদিকে, মানুষের ক্ষতি করা ও কাউকে কষ্ট দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে অসন্তুষ্টির কাজ।
শায়েখ আহমাদুল্লাহ বলেন, ঈমানের পর মৌলিক ফরজ ইবাদতগুলো আদায় করার পাশাপাশি মানুষ যখন অন্য মানুষের উপকার করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। বিপরীতে, কুফর ও বড় গুনাহের পর মানুষের ক্ষতি করা এবং অন্যকে কষ্ট দেওয়া আল্লাহর অসন্তুষ্টির অন্যতম কারণ।
এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি গবেষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর একটি বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ইসলাম নিয়ে দীর্ঘদিনের পড়াশোনা, গবেষণা, পিএইচডি অর্জন ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতার সারকথা হিসেবে ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তা হলো—আল্লাহকে সন্তুষ্ট করতে হলে নিজের ঈমান ঠিক রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মানুষের কোনো ক্ষতি করা যাবে না।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত বা সংকটে থাকা মানুষের জন্য বিষয়টি সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার জন্য সহজ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষত্রুটি গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যে থাকেন। যে ব্যক্তি জ্ঞান (ইলম) অন্বেষণের কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখনই কোনো সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের কোনো একটি ঘরে (মসজিদে) সমবেত হয়ে আল্লাহর কিতাব (কুরআন) তিলাওয়াত করে এবং পরস্পরের মধ্যে তা অধ্যয়ন ও আলোচনা করে, তখনই তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয়, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে নেয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাঁর নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের কথা স্মরণ করেন। আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না।’ ( সহিহ মুসলিম, হাদিস নং ২৬৯৯)
শায়েখ আহমাদুল্লাহ আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খুব কঠিন কিছু করার প্রয়োজন নেই। নিজের ঈমান ঠিক রাখা, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, মানুষের উপকার করা এবং কাউকে কষ্ট না দেওয়ার মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা যায়।