‘পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদন © টিসিডি সম্পাদিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদন লাভ করেছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) এ বিধিতে অনুমোদন দিয়েছেন। গত ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের ওই পত্রে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক অনুমোদিত ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’-এর একটি কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের বিশেষ উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিক তৎপরতার ফলেই দীর্ঘদিনের এই কাঙ্ক্ষিত অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, পেনশন সংরক্ষণ বিধি অনুমোদনের মাধ্যমে ববির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং পেনশন-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পথ সুগম হলো। এ অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।