ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নির্দিষ্ট শিক্ষার্থীদের অনলাইন কোর্স এনরোলমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে।
আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহিদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আজ ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর তারিখের মধ্যে কোর্স এনরোলমেন্ট সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্স এনরোলমেন্টের জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd) প্রবেশ করে Student Portal-এ লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডের বাম পাশে থাকা ‘New Enrollment’ অপশনে ক্লিক করে প্রদর্শিত পেজে সিলেবাস অনুযায়ী নির্ধারিত কোর্সগুলো নির্বাচন করতে হবে। সবশেষে ‘Submit’ বাটনে ক্লিক করলে কোর্স এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনরোলমেন্ট-সংক্রান্ত বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এ ছাড়া কোর্স এনরোলমেন্টে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে Support Ticket খুলে তাঁদের সমস্যার বিস্তারিত জানাতে পারবেন।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথভাবে কোর্স এনরোলমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।