অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ ও নিজের শখের কবুতর © টিডিসি সম্পাদিত
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সংকটাপন্ন শিক্ষার্থী সাদিয়া আয়াতের কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতে নিজের শখের ও দুর্লভ পোষ্য কবুতর বিক্রি করার উদ্যোগ নিয়েছেন কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।
পোস্টে মুহাম্মদ আব্দুল হামিদ লেখেন, ‘যা কিছু দুর্লভ সেটাই দামী। বহু শখের জিনিস আমার। এদুইটি বিক্রি করে সাহায্যপ্রার্থী তিতুমীরের রসায়ন বিভাগের ছাত্রী সাদিয়ার কিডনী প্রতিস্থাপনে যদি কিছুটা কাজে আসে। মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। বারবার মনে পড়ে সেই সাথে মন ও পোড়ে। পোস্ট করার উদ্দেশ্য আসেন না ওকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।’
নিজের শখের পোষ্য কবুতর বিক্রি করে পাওয়া অর্থ জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা সাদিয়া আয়াতের চিকিৎসা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
আরও পড়ুন: বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহায়তা
প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আয়াত বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সাদিয়ার দুটি কিডনিই প্রায় বিকল হয়ে পড়েছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সাদিয়ার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য নিজের শখের পোষ্য কবুতর বিক্রি করে অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ।