ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা ও অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন © টিডিসি সম্পাদিত
প্রশাসকের কথায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছিলেন, সেই বক্তব্য গণমাধ্যমে দেওয়ায় আবার প্রশাসকের হাতেই চাকরি গেল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজার। রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের (বিওএ) বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে গতকাল সোমবার (১৬ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রকাশিত সেই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. গোলাম মরতুজার বক্তব্য দেওয়ার জেরে তাকে চার্জ করেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্রের দাবি, মূলত ওই বক্তব্যের জেরে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক চাকরি ছাড়তে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বরাবর পদত্যাগ ও আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্বের অব্যাহতি প্রদানের জন্য আবেদন করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যমতে, গতকাল দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্ডের বিরুদ্ধে অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ’-শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজার একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি বলেন, ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (বিওএ) আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি। এটি বৈধ নাকি অবৈধ, আমি জানি না।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তার এই বক্তব্য প্রকাশের পর প্রশাসক বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন তার ওপর ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, আজ দুপুরে ড. ইলিয়াস আল-মামুন ফোন করে উপাচার্যকে জেরা করেন এবং চার্জ করে পদত্যাগের জন্য আদেশ করেন। একপর্যায়ে পরিস্থিতির চাপে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ দুপুরে অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন ভিসিকে ফোন করেন। ফোনে জিজ্ঞাসাবাদ করেন মিডিয়াতে এ ধরনের বক্তব্য কেন দিয়েছেন। কিছুক্ষণ কথার পর চার্জ করা হয় ভিসিকে। একজন উপাচার্যের সঙ্গে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত বলে তিনি মনে করেন। তার বক্তব্য, সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রশাসক বোর্ডের চাপের কারণেই ভিসি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এদিকে, দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা পদত্যাগপত্রের অনুলিপিতে দেখা যায়, অসুস্থতার কারণ দেখিয়ে আজ ১৭ নভেম্বর পদত্যাগপত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি আগামী ১ ডিসেম্বর থেকে ভাইস চ্যান্সেলর (ভিসি) পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সদয় অনুমোদন কামনা করেছেন।
তবে পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ থাকলেও এর নেপথ্যে প্রশাসক বোর্ডের চাপ ও সাম্প্রতিক সময়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত বক্তব্যকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে প্রশাসক বোর্ডের নির্দেশে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার পরই তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রশাসক বোর্ডের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতা, বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহারে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক চলছে। এসব অভিযোগ নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে অসন্তোষ রয়েছে।
এ ছাড়া প্রশাসক বোর্ডের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে। সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীদের লিফট বন্ধ বাস বন্ধ উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড বন্ধ এগুলো নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের যাবো সেটাও ভয় লাগে না জানি কখন আমার নামেও মামলা করে দেয়।
একজন উপাচার্যের প্রকাশ্যে দেওয়া বক্তব্যের পরপরই তার পদত্যাগের আবেদন সামনে আসায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসক বোর্ডের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন বিশ্ববিদ্যালয় প্রধানকে এভাবে চাপের মুখে পদত্যাগের আবেদন করতে হয়েছে কি না, তা নিয়েও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য জানতে প্রশাসক বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন ফোন রিসিভ করেননি।
যা আছে উপাচার্যের পদত্যাগপত্রের চিঠিতে
অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা চিঠিতে লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে আমার বয়স ৭৬ বছর। দীর্ঘদিন ধরে আমি ডায়াবেটিসে আক্রান্ত। পাশাপাশি সায়াটিক ব্যথাজনিত সমস্যায় ভুগছি এবং সম্প্রতি প্রোস্টেট-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছি। এসব শারীরিক জটিলতার কারণে নিয়মিত চিকিৎসা, শারীরিক বিশ্রাম ও বিশেষ যত্ন গ্রহণ করা আমার জন্য বিশেষভাবে প্রয়োজন। বয়সজনিত সীমাবদ্ধতা ও বিদ্যমান শারীরিক অসুস্থতার সম্মিলিত প্রভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে ক্রমশই কঠিন হয়ে পড়ছে।
এমতাবস্থায়, আমার বর্তমান বয়স, শারীরিক অসুস্থতা এবং চিকিৎসাজনিত প্রয়োজন বিবেচনায় ব্যক্তিগত সুস্থতা ও চিকিৎসার স্বার্থে আমি স্বেচ্ছায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
প্রসঙ্গত, ২০২৫ সালের নভেম্বরে চার বছরের জন্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজাকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। হলেন। তবে মেয়াদ শেষের আগেই এক বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি।