প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম © সংগৃহীত ছবি
ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। আজ সোমবার, ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে ‘ইয়ুথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি: শেপিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা দেন তিনি।
তিনি বলেন, আগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা মূলত সশস্ত্র বাহিনীর ছিল। তবে বর্তমানে এর পরিধি অনেক বেড়েছে। জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল।
তিনি বলেন, প্রথম ভিত্তিটা হলো ‘সশস্ত্র বাহিনী ও তাদের সম্পদ’। এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সরঞ্জাম এবং প্রতিরক্ষার প্রস্তুতি। দ্বিতীয় ভিত্তি হলো জনগণের ইচ্ছাশক্তি, প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা এবং সামাজিক সংহতি। এবং তৃতীয়টি হলো অর্থনীতি, কূটনীতি ও তথ্যের পাশাপাশি সাইবার ক্ষেত্র, রাজনীতি, ভৌগলিক অবস্থান এবং জাতীয় চেতনা।
ড. শামছুল ইসলাম আরও বলেন, এই তিনটি ক্ষেত্রের কেন্দ্রেই রয়েছে তরুণ প্রজন্মের শক্তি। তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশের জাতীয় প্রতিরক্ষার জন্য তিনটি সম্ভাব্য কৌশল রয়েছে। এগুলো হলো প্রচলিত সামরিক সক্ষমতায় সমতা অর্জন, কৌশলগত জোট গঠন এবং বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা গড়ে তোলা।
প্রতিরক্ষা উপদেষ্টার বক্তৃতার বিভিন্ন দিক তুলে ধরে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক বাংলাদেশের ইতিহাসে তরুণদের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানো এবং সবকিছুর ঊর্ধ্বে সততা ও নৈতিকতা বজায় রাখার বিষয়ে প্রতিরক্ষা উপদেষ্টার সুপারিশের ওপর গুরুত্ব দেন।
এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রাম (এসআইসিআইপি)- ব্র্যাক ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ এর উদ্বোধন করেন।
গত বছর বাংলাদেশের শিল্প খাতে দক্ষতা ও উদ্ভাবনের পরিবেশ উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ও স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রামের (এসআইসিআইপি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আওতায় উন্নত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিল্প খাতে দক্ষতা বাড়ানো এবং উদ্ভাবনের পরিবেশ তৈরিতে কাজ করা হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফার্মাসিউটিক্যালস খাতে মোট ১,৬১৫ জন পেশাজীবী ও স্নাতককে উন্নত কারিগরি ও পেশাগত দক্ষতায় প্রশিক্ষিত করা হবে।
বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের মাধ্যমে এসআইসিআইপি বাস্তবায়ন করছে, যার লক্ষ্য প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবনের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। এই প্রকল্পের মোট ব্যয় ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ২০ হাজারের মতো প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসআইসিআইপি এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সবার অংশগ্রহণের সুযোগ বাড়াচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও সেবা খাতে সক্ষমতা বাড়াতেও কাজ করছে।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার, স্টুডেন্ট লাইফের হেড তাহসিনা রহমান, ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী
অধ্যাপক আফসানা আখতার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।