আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সংবর্ধনা

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ PM
সংবর্ধনায় এরিয়াল রোবোটিক্স টিম

সংবর্ধনায় এরিয়াল রোবোটিক্স টিম © সৌজন্য প্রাপ্ত

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতা স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬-এ বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। প্রথমবার অংশ নিয়েই এমন সাফল্য অর্জন করায় দলটিকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের আসরে ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউ’র ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে মিশন সম্পন্ন করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে।

২০০৩ সাল থেকে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘ইউআইইউ’র শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউ’র প্রচেষ্টা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিমের (ইউএআরটি) মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিয়াসাত আজিম বলেন, ‘ইউএআরটির বিশ্বে ৪র্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল।’

তিনি বলেন, ‘এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউ’র ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে ইউআইইউ’র শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান, দলগত নেতৃত্ব ও উন্নত প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।’

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় ইউআইইউ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইউআইইউ’র পক্ষ থেকে জানানো হয়, ইউএআরটির এই সাফল্য আন্তর্জাতিক রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অর্জনের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত প্রযুক্তিগত উদ্যোগে ইউআইইউ’র ধারাবাহিক বিনিয়োগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানে কার্যকর প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ করে দিচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউ’র শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ৬ শিক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬