শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা

১১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠ শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার।

আজ বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণসাক্ষরতা অভিযান ও নেট্জ-বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। এ জন্য প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) শিক্ষার সমন্বিত প্রয়োগ, হাতে-কলমে শেখা এবং আনন্দময় শিখন পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করার জন্য নয়, বরং বিদ্যালয়ে নতুন কিছু শেখার আনন্দ ও আগ্রহ নিয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এর অংশ হিসেবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বিভিন্ন বিষয়ের পাঠ শিশুদের কাছে সহজ ও আকর্ষণীয় করে তোলা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পরিমার্জিত কারিকুলামে শুরু থেকে শেষ পর্যন্ত এসটিইএম শিক্ষার বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। যেমন প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও উপকরণ ব্যবহার করা যেতে পারে।

কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের খেলনা বা উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।

বর্তমান সময়ে শিশুদের অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে কিংবা কিছু কাজের প্রয়োজনীয়তা কমে আসবে। ফলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে প্রাথমিক স্তর থেকেই তাদের সমালোচনামূলক চিন্তাশক্তি, বিশ্লেষণী সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার যোগ্যতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।

শিক্ষকদের বেতন নিয়ে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ববি হাজ্জাজ বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি শিক্ষকদের বেতনকে পর্যাপ্ত বলেছেন, এমন ধারণা সঠিক নয়। তার বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের এ পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেট্জ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত অতিথি, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী এসটিইএম শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও যৌথ অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানান।

মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত
  • ১১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা…
  • ১১ নভেম্বর ২০২৬
খেজুরসহ ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ…
  • ১১ নভেম্বর ২০২৬
সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ, থমকে যাওয়ার শঙ্কায় সাতক্ষী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950