ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির নেতাদের জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর ফিরতে পারবে না।
আজ বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেত্রী বারবার অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের ‘চরম শিক্ষা’ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তের উপর থেকে বারবার অডিও ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যুদ্ধাদের চরম শিক্ষা দিবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামীন তাকে আর কখনোই দেবেন না কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে। বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীদের জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে এর উদাহরণ দেয়া যায়। তাদের সাথে মিলে যায়।’
তিনি আরও বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।