শহীদ নূর হোসেন © সংগৃহীত
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে পুলিশের গুলিতে প্রাণ দেন তিনি। তাঁর বুকের ওপর লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’, আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’। এই দুটি স্লোগানই পরিণত হয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান প্রতীকে।
নূর হোসেনের আত্মাহুতি ছিল কেবল একজন তরুণের প্রাণ বিসর্জন নয়; তা হয়ে উঠেছিল গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদ, সাহস ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর মৃত্যুর খবর সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি আসে। রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ এরশাদবিরোধী আন্দোলনে আরও সোচ্চার হয়ে ওঠেন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন আটদলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়ে নূর হোসেন ঢাকার রাজপথে মিছিলে ছিলেন। রাজধানীর তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তাঁর রক্তে রাজপথ রঞ্জিত হলেও গণতন্ত্রের দাবিতে আন্দোলন থেমে থাকেনি। বরং তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী সংগ্রামকে আরও বেগবান করে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়। নূর হোসেন সেই চূড়ান্ত বিজয়ের দিনটি দেখে যেতে পারেননি। তবে স্বৈরাচার পতনের সংগ্রামে তাঁর আত্মাহুতি ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে।
প্রতি বছর ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে তাঁর আত্মত্যাগ স্মরণ করা হয়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর নাম আজও প্রেরণার উৎস।