শেখ হাসিনা ও পার্সপোর্ট © টিডিসি সম্পাদিত
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে শেখ হাসিনা নিজে কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি। তাঁর পক্ষে আইনি প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, শেখ হাসিনা নিজে পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি। বরং তাঁর পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে।
রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘Sheikh Hasina seeks new passport to return to Bangladesh, government denies request’। এর বাংলা অর্থ, ‘দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, অনুরোধ প্রত্যাখ্যান করেছে সরকার।’ রয়টার্সের বরাতে বাংলাদেশের মূলধারার অধিকাংশ সংবাদমাধ্যমও ‘নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে হাসিনার আবেদন’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এবারই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের যোগাযোগ করা হয়েছে। তবে সরকার তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। চিঠিতে তাঁরা লেখেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে যে খবর এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।’
তবে রয়টার্সের পুরো প্রতিবেদনে শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করেছেন—এমন কোনো তথ্য নেই। প্রতিবেদনে মূলত তাঁর পক্ষে আইনি প্রতিষ্ঠানের পাঠানো চিঠির বিষয়টি তুলে ধরা হয়েছে।
দ্য ডিসেন্টের হাতে আসা ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠির শিরোনাম ছিল, ‘Subject: Request for Issuance of a New Bangladeshi Passport and National Identity Card to Former Prime Minister Sheikh Hasina’। এর বাংলা অর্থ, ‘বিষয়: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ।’
চিঠিতে বলা হয়, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী আইনজীবী হিসেবে এই চিঠি লিখছি। অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি অনুরোধ করছি, আপনারা যেন আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’
বাংলাদেশের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান বা আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই। আবেদনকারীকে ই-পাসপোর্টের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করতে হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন করলে স্থায়ী ঠিকানার ঘরে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হয়।
এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদের সঙ্গে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। তিনি বলেন, ‘এভাবে পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই। পাসপোর্টের আবেদন নিজে অনলাইনে করতে হয়। সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।’
শেখ হাসিনার আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডিসেন্টকে বলেন, ‘আমার জানামতে, হাসিনার ল’ ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো ছাড়া কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।’
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে।